খাগড়াছড়িতে আওয়ামী লীগের সড়ক অবরোধ, বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত শতাধিক
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সড়ক অবরোধ কর্মসূচি চলকালে বুধবার বিএনপি’র নেতাকর্মীদের সাথে সংঘর্ষে দু’ দলের প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছে।
জেলার তিনটি গ্রামের বিএনপি’র নেতাকর্মীদের হামলার প্রতিবাদে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ বুধবার সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে।
অবরোধ কর্মসূচি চলাকালে বিএনপি’র শতাধিক সশস্ত্র নেতাকর্মী শহরের পানখাইয়াপাড়া সড়কের পাশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলমের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এতে জাহিদুল আলমের ভগ্নিপতি চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ম সম্পাদক এবং তার স্ত্রী পানছড়ি কলেজের শিক্ষিকা মনোয়ারা বেগম (৩৮) ও শিশুকন্যা মিম (১০) সহ ১০ জন আহত হয়েছে। ভাংচুর ও লুটপাটের ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এলাকাবাসী জানান।
এছাড়া অবরোধ চলাকালে বিএনপি’র নেতাকর্মীরা পিকেটারদের ওপর হামলা চালালে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে কমপক্ষে উভয় পক্ষের কমপক্ষে ৮০ জন নেতাকর্মী আহত হয়েছে।
গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্মসম্পাদক ও তার স্ত্রী--কন্যাকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে। জেলা সদর হাসপাতালে কমপক্ষে ২০ জনকে ভর্তি করা হয়েছে।
বিএনপি নেতাকর্মীরা শ্রমিক লীগের একটি কার্যালয় ভাংচুর করেছে বলে জেলা পুলিশের একটি সূত্র জানায়।
সংঘর্ষ ও হামলার ঘটনার পর খাগড়াছড়ি শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। সারা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলা দায়েরর প্রতিবাদে এ সড়ক অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। তারা গ্রেফতারকৃত নেতাকর্মীর মুক্তি দাবি করেছেন।
আওয়ামী লীগ ৪৮ ঘণ্টার মধ্যে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার শেখ নওশের আলীর অপসারণ দাবি করেছে।
বিএনপি সমর্থিত সশস্ত্র একটি গ্র“প মঙ্গলবার খাগড়াছড়ির তিনটি গ্রামে লুটপাট ও ভাংচুর চালায়। তারা অন্তত ৩০ জন গ্রামবাসীকে পিটিয়ে আহত করে। গ্র“পটি পৌর যুবলীগের সম্পাদক হেলালুদ্দিনকে খুঁজতে গিয়ে তারা ওই গ্রামগুলোতে হামলা চালায়।
অবরোধ কর্মসূচি চলাকালে খাগড়াছড়ি--চট্টগ্রাম মহাসড়কের জিরো মাইল পয়েন্টে পিকেটাররা সৌদি পরিবহনের একটি বাসসহ দুটি ট্রাক ও একটি মাইক্রোবাস ভাংচুর করে।
বিরোধী দলের কর্মসূচির কারণে পার্বত্য জেলা খাগড়াছড়ির সাথে বাস যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে।
সড়ক অবরোধ কর্মসূচি ঠেকাতে খাগড়াছড়ি--চট্টগ্রাম এবং খাগড়াছড়ি--ফেনী মহাসড়কে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
