২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার ফ্লাইট দু’ ঘণ্টা বিলম্বিত

ঢাকা থেকে লন্ডন হয়ে আমেরিকাগামী ব্রিটিশ এয়ারওয়েজের নিয়মিত ফ্লাইটটি (বিএ ১৪৪) বৃহস্পতিবার নির্ধারিত সময়ের দু’ ঘণ্টা পর যাত্রা করে। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ওই ফ্লাইটে আমেরিকা যাচ্ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2006, 05:34 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

বিমানের যাত্রী এক শিশুর আকস্মিক অসুস্থতার ফলে অনাবাঙ্খিত এ বিলম্বের ঘটনা ঘটে।

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব আলাউদ্দিন আহম্মদ চৌধুরী বিডিনিউজকে জানান, বিমানের যাত্রী এক শিশু বিমানে উঠার পরপরই হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। বিমানের নিজস্ব চিকিৎসক দল তার প্রাথমিক চেক আপ করে। পরে বিমান উড্ডয়নের সিদ্ধান্ত হয়। কিন্তু রানওয়েতে কিছুদূর অগ্রসর হওয়ার পর শিশুটির অবস্থার অবনতি ঘটলে বিমানটি আবার ফিরিয়ে আনা হয়।

পরে লাগেজসহ শিশুটিকে নামিয়ে প্রায় দু’ ঘণ্টা পর সকাল সাড়ে ১০ টায় বিমানটি উড্ডয়ন করে।

শেখ হাসিনা বিমানবন্দরে উপস্থিত দলের নেতা ও সহকারীদের টেলিফোনে ওই শিশুটির সার্বিক তত্ত্বাবধানের নির্দেশ দেন।

আওয়ামী লীগের সাংসদ জাহিদ আহসান রাসেলসহ কয়েকজন নেতা ও শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী পরে ওই শিশুটিকে তার বাসায় পৌঁছে দেন।

এদিকে বিমান বিলম্বের কারণ হিসেবে ‘শেখ হাসিনার হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার’ গুজব ছড়িয়ে পড়ে। কিন্তু আলাউদ্দিন আহম্মদ চৌধুরী জানান, এটি সম্পূর্ণ ভুল প্রচারণা।