২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদলের বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সভা ২১ মার্চ থেকে শুরু

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সভা ২১ মার্চ থেকে শুরু হবে। আগামী ৯ এপ্রিল পর্যন্ত এ কর্মসূচি চলবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2006, 08:48 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

প্রান্তিক নেতৃত্ব এবং দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার প্রত্যয়ে ছাত্রদলের তৃণমূল নেতাদের অবহিত করার জন্যে এ প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র--শিক্ষক কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান এমপি, ভূমি প্রতিমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির ছাত্র বিষয়ক উপদেষ্টা ফজলুল হক মিলন এমপি, নাসিরউদ্দিন আহমেদ পিন্টু এমপি, ডাকসুর সাবেক এজিএস নাজিমউদ্দিন আলম এমপি, ছাত্রদলের সভাপতি আজিজুল বারী হেলাল, সিনিয়র সহ--সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সারাদেশের ছয়টি বিভাগের প্রায় ২৬ হাজার ৫শ’ প্রতিনিধি এ সভায় অংশগ্রহণ করবেন। প্রতি জেলা, বিশ্ববিদ্যালয়, মহানগর থেকে ৫ জন করে প্রতিনিধি সভায় অংশগ্রহণ করবেন।

২১ মার্চ কেরাণীগঞ্জ চুনকুঠিয়া গার্লস হাই স্কুল মাঠে ঢাকা বিভাগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। সভার উদ্বোধন করবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়া। খুলনা বিভাগে ২৩ মার্চ, সিলেটে ২৮ মার্চ, রাজশাহীতে ১এপ্রিল, চট্টগ্রামে  ৪ এপ্রিল এবং বরিশাল বিভাগে ৯এপ্রিল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।