২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি শীর্ষ নেতাদের আন্তর্জাতিক তদন্তকারীদের দিয়ে জিজ্ঞাসাবাদের দাবী জানিয়েছেন শেখ হাসিনা

বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রোববার জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর প্রধান শায়খ রহমান ও তার সেকেন্ড ইন কমান্ড সিদ্দুকুল ইসলাম ওরফে বাংলা ভাইকে ইন্টারপোল ও জাতিসংঘের মত আন্তর্জাতিক তদন্তকারীদের দিয়ে জিজ্ঞাসাবাদের দাবী জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2006, 09:05 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইজিপি নিষিদ্ধঘোষিত ওই জঙ্গি সংগঠনের সাথে আন্তর্জাতিক কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন। আইজিপির কথা সত্য হলে প্রধানমন্ত্রী মিথ্যা বলেছেন। এর জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনসস্টিটিউশনে সাবেক প্রধানমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিক মিজানুর রহমান চৌধুরী স্মরণে এক শোকসভায় শেখ হাসিনা এসব কথা বলেন।

বরিশাল বিভাগীয় মহাসমাবেশের পর এই প্রথম তিনি কোনো সমাবেশে বক্তব্য রাখলেন।

সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, ড. মহিউদ্দিন খান আলমগীর, সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, নূরে আলম সিদ্দিকী, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ড. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাতীয় পার্টির নেতা শেখ শহীদুল ইসলাম এবং ব্যারিস্টার আমির উল ইসলাম।

হাসিনা বলেন, শায়খ রহমান ও বাংলা ভাই বিএনপি - জামাত জোট সরকারেরই সৃষ্টি এবং সরকারই তাদের ব্যবহার করেছে।

তিনি বলেন, যতক্ষণ প্রয়োজন হয়েছে সরকার ততক্ষণই তাদের ব্যবহার করেছে। প্রয়োজন ফুরালে ছুঁড়ে ফেলে দিয়েছে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, কোনোরকম বিচার ছাড়াই সরকার বিরোধী নেতাদের হত্যা করে যাচ্ছে।

তিনি বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাই সাভারে জমি দখল করলে, ওই ঘটনার প্রতিবাদ করায় তার দলের নেতা ইমান আলীকে র‌্যাব দিয়ে হত্যা করা হয়।

স্মরণসভার সভাপতিত্ব করেন বিএলএডি- এর চেয়ারম্যান ইউসুফ হোসেন হুমায়ন।