২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ের সামনে ১৪ দলের অবস্থান কর্মসূচি ৩০ মার্চ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব মানতে সরকারকে বাধ্য করতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল ৩০ মার্চ সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি  পালন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2006, 09:51 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয় (ইসি) এবং দেশব্যাপী নির্বাচন কার্যালয় ঘেরাও কর্মসূচি শেষে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি এ কর্মসূচি ঘোষণা করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের ন্যায়সঙ্গত দাবি মানতে সরকারকে আমরা বাধ্য করবো, যেভাবে ১৯৯৬ সালের ৩০ মার্চ পূর্ববর্তী বিএনপি সরকারকে ক্ষমতা থেকে নামতে বাধ্য করা হয়েছিলো।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্য দুই কমিশনারের পদত্যাগ, চলমান ভোটার তালিকা বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন সংস্কারে বাধ্য করতে ১৪ দল এই অবস্থান কর্মসূচি পালন করে।

রোববার নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে ঢাকায় পুলিশি হামলার বিষয় উল্লেখ করে তিনি বলেন, শান্তিপূর্ণ জমায়েতে হামলা চালানোর মাধ্যমে সরকার জনগণের সাংবিধানিক মৌলিক অধিকার হরণ করেছে।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাকসহ ১৪ দলের তিন শতাধিক নেতা--কর্মী পুলিশের হামলায় আহত হয়।

কর্মসূচি চলাকালে পুলিশ দু’শতাধিক কর্মীকে গ্রেপ্তার করে বলেও তিনি অভিযোগ করেন।

আব্দুল জলিল জেমমবিকে মদদদানকারী মন্ত্রী ও এমপিদের গ্রেপ্তার এবং জঙ্গিবাদ নিয়ে আর্ন্তজাতিক তদন্তের আহবান জানান।

সারা দেশে ভোটার তালিকায় ৪০ লাখ ভোটারের নাম বাদ যাওয়ার বিষয় উল্লেখ করে তিনি অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনারের ইমপিচমেন্ট ও হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তালিকা হালনাগাদের দাবি জানান।

জলিল আরো বলেন, আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনগুলো যুবলীগ আহুত ১৩ মার্চের হরতাল সমর্থন করেছে।

ওয়াকার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী ও শেখ সেলিমসহ অনান্য সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।