২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটদের নিয়োগ ও পদোন্নতিতে হাইকোর্টের রুল

হাইকোর্ট রোববার জেলা পর্যায়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটদের (এডিএম) নিয়োগ ও পদোন্নতি কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, এ সংক্রান্ত মামলায় সরকারের প্রতি কারণ দর্শানোর রুল জারি করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2006, 08:40 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

জনস্বার্থে হিউম্যান রাইটস ও পিস বাংলাদেশ-- এর দায়ের করা একটি রিট পিটিশনের শুনানিতে হাইকোর্ট এই নির্দেশ দেন।

বিচারপতি এমএ মতিন ও বিচারপতি এটিএম ফজলে কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই রুল জারি করেন।

জেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেটদের নিয়োগ ও পদোন্নতির বৈধতা চ্যালেঞ্জ করে রোববার রিট পিটিশনটি দায়ের করা হয়।

হিউম্যান রাইটস এবং পিস ফর বাংলাদেশ এর সভাপতি অ্যাডভোকেট মনজিল মুরশিদসহ হাইকোর্টের পাঁচজন আইনজীবী এই পিটিশনটি দায়ের করেন।

হাইকোর্ট বেঞ্চ শুনানির পর একসপ্তাহের জন্যে পিটিশনটির শুনানি স্থগিত করেন এবং এই সময়ের মধ্যে আবেদনকারীদের আদালতে জেলা ম্যাজিস্ট্রেটদের নিয়োগ ও পদোন্নতির নকল জমা দেওয়ার নির্দেশ দেন।

আবেদনকারীরা রোববার ম্যাজিস্ট্রেদের নিয়োগের কপিসহ একটি সম্পূরক পিটিশন দায়ের করেন।

আবেদনকারী অ্যাডভোকেট মনজিল মুর্শিদ আদালতে বলেন, সংবিধানের ১১৬ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের সম্মতি নিয়ে জেলা ম্যাজিস্ট্রেটদের নিয়োগ দেবেন।

আদালতে তিনি বলেন, মিডিয়ার রিপোর্ট অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটদের নিয়োগের ক্ষেত্রে এ রীতি মানা হয়নি।

পিটিশনে সংস্থাপন সচিব, আইন সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারসহ পাঁচজন সরকারি কর্মকর্তাকে দায়ী করা হয়েছে।

আবেদনকারীদের পক্ষে অ্যাডভোকেট মনজিল মুরশিদকে সহায়তা করেন অ্যাডভোকেট আসাদুজ্জামান। অন্যদিকে সরকারপক্ষে মামলা পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদিলুর রহমান খান শুভ্র।