২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশি বাধার মুখে ১৪ দলের নির্বাচন কমিশন ঘেরাও পণ্ড : মিছিলে পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপ

ব্যাপক পুলিশি বাধা, লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও জলকামান নিক্ষেপের মুখে রোববার আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলের নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি পণ্ড হয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2006, 03:10 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

এ সময় পুলিশের সাথে ধাওয়া, পাল্টা ধাওয়া, লাঠিচার্জে জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। এছাড়াও পুলিশের নির্মম নির্যাতনের শিকার হয় বেশ কিছু নারী কর্মী।

বিক্ষুব্ধ মিছিলকারিদের ছোড়া ইটের আঘাতে পুলিশের নায়েক প্রদীপ (২৬৫) এ সময় আহত হয়।এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বেশ কিছু যানবাহন ভাংচুর করে।

পুলিশ ঘটনার সময় প্রায় অর্ধশত নারী ও পুরুষ নেতাকর্মীকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্বাচন কমিশন ঘেরাওয়ের জন্যে আওয়ামী লীগসহ ১৪ দলের নেতাকর্মীরা সকাল ৯টা থেকেই রাজধানীর ধানমন্ডির রাসেল স্কোয়ার ও শেরে বাংলা নগরের আগারগাঁওয়ে সমবেত হতে থাকে।

একই সময়ে কমিউনিস্ট পার্টিও (সিপিবি) একই কর্মসূচিতে নগরীর মুক্তাঙ্গনে সমবেত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার মধ্যে ১৪ দলের নেতাকর্মীদের মিছিলে মিছিলে ধানমন্ডির কলাবাগান থেকে ২৭ নম্বর সড়ক পর্যন্ত ভরে যায়। সকাল সাড়ে ১১টায় প্রায় ২০ হাজার নেতাকর্মীর একটি মিছিল রাসেল স্কোয়ার থেকে নির্বাচন কমিশন কার্যালয়ের উদ্দেশে যাত্রা করে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, বেগম মতিয়া চৌধুরী, আতাউর রহমান খান কায়সার, মোহাম্মদ নাসিম, সাংসদ ফারুক খান, শাজাহান খান, মির্জা আব্দুল জলিল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আযম, জাসদের হাসানুল হক ইনু ও শরীফ নূরুল আম্বিয়া, গণফোরামের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মানিক ও যুগ্ম সম্পাদক মফিজুল ইসলাম খান কামাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস , গণতন্ত্রী পার্টির নূরুল হক মানিক, জাকির হোসেন এতে নেতৃত্ব দেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাসেল স্কয়ার থেকে শুরু হয়ে মিছিলটি পৌনে ১২টায় ধানমন্ডি ২৭ নম্বর ক্রসিং--এ পৌছলে পুলিশের বাধার সম্মুখীন হয়।

এ সময় পুলিশের সাথে ১৪ দলের নেতা ও সমর্থকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পুলিশ মিছিলকারিদের ধাওয়া করলে দু’পক্ষের মধ্যে ধাওয়া এবং পাল্টা ধাওয়া শুরু হয়।

এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারিদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে। এতে হাসানুল হক ইনুসহ প্রায় ৫০ জন নেতাকর্মী আহত হয়। লাঠিচার্জ ও জলকামানের আঘাতে বিক্ষোভকারিরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে ছোটাছুটি শুরু করে।

পরে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এ সময় পুলিশ ব্যাপক ধরপাকড় করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় ধানমন্ডি ২৭ নম্বর সড়কের প্যানকেয়ার হাসপাতাল থেকে শান্তা নামে এক রোগী বের হলে পুলিশ তাকেও আটক করে নির্মমভাবে মারপিট করে। অন্তসত্বা ওই রোগীকে মারপিটে নারী পুলিশের সাথে পুরুষ পুলিশরাও যোগ দেয়। এ সময় সাংবাদিকরা এর প্রতিবাদ করলে পুলিশের সাথে বাকবিতন্ডা হয়।

এ সময় আওয়ামী লীগ নেতৃবৃন্দ রাসেল স্কোয়ারে সমবেত হয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। পরে তারা একটি বিরাট মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ধামমন্ডি এলাকায় ঘেরাও উপলক্ষে প্রায় একহাজার পুলিশ মোতায়েন করা হয়।

মিরপুর এলাকা থেকে অন্য মিছিলটি নির্বাচন কমিশন অভিমুখে আসার পথে আগারগাঁও--এর কাছে পৌঁছলে পুলিশ বাধা দেয়। পরে মিছিলকারিরা সড়ক অবরোধ করে সমাবেশ করে।