বিচার বিভাগ পৃথকীকরণ: সুপ্রিম কোর্টে ৯ আমলার আদালত অবমাননা রুলের শুনানি বুধবার
বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত মামলায় আদালতের দেওয়া রায় বিকৃত করার অভিযোগে সরকারের নয়জন আমলার বিরুদ্ধে জরিকৃত আদালত অবমাননা রুলের শুনানি বুধবার সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হবে।
আপিল বিভাগে ওই দিন শুনানির জন্যে নির্ধারিত মামলার কার্যতালিকায় এ বিষয়টিকে প্রথমে নিষ্পত্তির জন্যে তালিকাভুক্ত করা হয়েছে।
প্রধান বিচারপতি সৈয়দ জেআর মুদাচ্ছির হুসাইন, বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন, বিচারপতি এমএম রুহুল আমিন, বিচারপতি তফাজ্জল ইসলাম ও বিচারপতি আমিরুল কবির চৌধুরী সমন্বয়ে গঠিত আপিল বিভাগের পাঁচ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে। এছাড়াও বেঞ্চটিতে বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের ১২ দফা নির্দেশনা বাস্তবায়নে সরকারের উদ্যোগ এবং অপর নয়জন আমলার বিরুদ্ধে দায়েরকৃত আদালত অবমাননা আবেদনের শুনানি হবে।
গত ২২ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ জেআর মুদাচ্ছির হুসাইনের নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চটি ১ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
ওইদিনই বিচার বিভাগ পৃথকীকরণ নামেই অধিক পরিচিত মাজদার হোসেন বনাম রাষ্ট্রপক্ষ মামলার রায়ে সুপ্রিম কোর্টের দেওয়া ১২ দফা দিকনির্দেশনা বিভিন্ন সময়ে লংঘন করার অভিযোগে মামলার বাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার এম আমির-উল-ইসলাম আরও নয় সরকারি আমলার বিরুদ্ধে নতুন করে আদালত অবমাননা মামলা দায়ের করেন।
এ নয়জন আমলা হলেন-প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী, আইন সচিব আলাউদ্দিন সরদার, সাবেক আইন সচিব মোঃ আসাদুজ্জামান, সংস্থাপন সচিব মাহবুবুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব এএসএম আব্দুল হালিম, স্বরাষ্ট্র সচিব ও সাবেক সংস্থাপন সচিব সফররাজ হোসেন, সাবেক সংস্থাপন সচিব আনোয়ারুল বারী চৌধুরী, অর্থ সচিব জাকির আহমেদ খান এবং সাবেক অর্থ সচিব সিদ্দিকুর রহমান।
অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ২২ ফেব্রুয়ারি অ্যাফিডেভিটের মাধ্যমে সুপ্রিম কোর্টের ১২ দফা দিকনির্দেশনার প্রেক্ষিতে সরকারের অগ্রগতি আদালতে পেশ করেন।
সর্বোচ্চ আদালত অভিযুক্ত নয় সরকারি আমলাকে আদালত অবমাননা এবং সশরীরে আদালতে হাজির হওয়া থেকে অব্যাহতি না দেওয়ায় সুপ্রিম কোর্টের দিকনির্দেশনা লংঘন করার প্রেক্ষিতে আদালত যে নয় সরকারি আমলার বিরুদ্ধে আদালত অবমাননা সংক্রান্ত রুল জারি করেছেন বুধবারের শুনানিতে তাদের প্রত্যেককে সশরীরে হাজির থাকতে হবে।
অভিযুক্ত নয় আমলা হলেন-যুগ্ম সংস্থাপন সচিব লোকমান হাকিম, বদরুল আলম তরফদার ও মোঃ আব্দুর রব হাওলাদার, ডেপুটি সচিব মোঃ আবুল কালাম আজাদ চৌধুরী ও সিনিয়র সহকারী সচিব মোঃ খলিলুর রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক ডেপুটি সচিব শফিকুল ইসলাম তালুকদার ও সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ হারুনুর রশিদ, মন্ত্রিপরিষদ সচিবালয়ের ডেপুটি সচিব মোঃ ফজলুল হক এবং অর্থ মন্ত্রণালয়ের ডেপুটি সচিব একেএম মোতালেব হোসেন।
