২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট চোর খুনি সরকারের সঙ্গে বসে সমস্যা সমাধানের আশা করা যায় না: আইইবির সম্মেলনে শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জোট সরকারকে খুনি অত্যাচারি ও ভোট চোর অ্যাখ্যা দিয়ে বলেছেন, যেখানে বিরোধী দলীয় নেতাকে হত্যার জন্যে গ্রেনেড মারা হয়, বিরোধী পক্ষকে হত্যা, নির্যাতন চালিয়ে নির্মূলের চেষ্টা করা হয়, সেখানে সরকার ও বিরোধী দল একত্রে বসে সব সমস্যা সমাধানের আশা কীভাবে করা যায়!

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2006, 07:16 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ’র (আইইবি) সুবর্ণ জয়ন্তী সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে মঙ্গলবার প্রকৌশলীদের এক আহ্বানের পরিপ্রেক্ষিতে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

ইনস্টিটিউশন প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ২১ আগস্টের গ্রেনেড হামলার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, নৃশংস ওই ঘটনার জন্যে সরকারই জড়িত ছিল বলে অপরাধীদের গ্রেপ্তার করা হয়নি। জাতীয় সংসদে ২১ আগস্টের গ্রেনেড হামলা, জঙ্গিবাদ, দ্রব্যমূল্য এবং জ্বালানি, সার, বিদ্যুৎ সংকটসহ ১০টি বিষয়ে আমরা আলোচনার জন্যে প্রস্তাব করেছিলাম। কিন্তু আমাদের একটি প্রস্তাবও গ্রহণ করা হয়নি। আমরা সংসদে গিয়েও যে কী যন্ত্রণার মধ্যে আছি, তা আপনাদের সবার জানা দরকার-মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা।

তিনি বলেন, জনস্বার্থে আমরা সংসদে গিয়েছি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব উত্থাপন করেছি। আমরা ক্ষমতায় যাওয়ার জন্যে এটি দিইনি। জনগণের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতেই আমরা সংসদে গিয়ে এই প্রস্তাব দিয়েছি। যাতে সরকার কোনো অজুহাত তুলতে না পারে। তারপরও তারা শুধু কালক্ষেপণ করছে।

শেখ হাসিনা বলেন, আমি আশা করি, সরকার এই প্রস্তাব বাস্তবায়ন করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে ভূমিকা পালন করবে।

আওয়ামী লীগ প্রধান বলেন, বিএনপি জামাত জোট সরকার ভোট চুরি করতে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’য়ের প্রক্রিয়া চালাচ্ছে। তাদের এই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ভয়ে আমরা সবাই এখন ভীত-সন্ত্রস্ত।

প্রকৌশলীসহ সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আসুন-সংস্কার প্রস্তাব বাস্তবায়নের আন্দোলনে শরিক হই। জোটের ভোট ডাকাতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং’য়ের অশুভ প্রক্রিয়া প্রতিহত করে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র, মানবাধিকার রক্ষা এবং সুশাসন ফিরিয়ে আনি। এগিয়ে নিই বন্ধ হয়ে যাওয়া অগ্রগতির চাকা।

‘গুড গভর্নেন্স অ্যাণ্ড ইঞ্জিনিয়ারিং’ শ্লোগানে অনুষ্ঠিত প্রকৌশলীদের তিন দিনের এই সুবর্ণ জয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে শেখ হাসিনা বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্যে আইইবি সনদ প্রদান করেন। আইইবি’র পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়।

আইইবি’র প্রেসিডেন্ট অধ্যাপক ড. প্রকৌশলী এম আনোয়ারুল আাজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠেনর সম্মানী সাধারণ সম্পাদক আনহ আখতার হোসেন পিইঞ্জ, ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক মো. কামরুজ্জামান এবং প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু।