২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারের মান নিশ্চিত করতে বিচারকদের অবসরের বয়সসীমা বাড়ানো হয়েছে: আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, বিচারের মান নিশ্চত করতে সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়সসীমা বাড়ানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2006, 08:54 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

তিনি বলেন, বিচারকদের অবসরের বয়সসীমা বাড়ানোর ফলে তা দেশের জন্যে ভাল হয়েছে বলে প্রমাণিত হয়েছে। বিচার বিভাগকে শক্তিশালী করতেই এটি করা হয়েছে। দুই বছরের মধ্যে ২২ জন বিচারক অবসরে যাবেন এবং এর ফলে সুপ্রিম কোর্টে শূন্যতা দেখা দেবে। বিচার কাজ চালিয়ে যাওয়ার জন্যে আমাদের অভিজ্ঞ, দক্ষ ও প্রবীণ বিচারক দরকার আছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সোমবার দেশের নিবন্ধনী কার্যালয়ের কাঠামোগত পরিস্থিতি উন্নয়নে আইন মন্ত্রণালয়ের ভূমিকার ওপর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, নির্দিষ্ট কোনও বিচারকের অবসরের বয়সসীমা বৃদ্ধি করা সরকারের লক্ষ্য ছিল না। কেননা, আপিল বিভাগের সকল বিচারকদের জন্যেই এটি করা হয়েছে।

তিনি বলেন, কর্মরত থাকা অবস্থায় সাবেক প্রধান বিচারপতি মাহমুদ-আল আমিন চৌধুরী সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারকদের অবসরের বয়সসীমা বাড়ানোর জন্যে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে লিখিতভাবে সুপারিশ করেছিলেন। বিচারকদের বিচারের মান বাড়ানোর জন্যেই অবসরের বয়সসীমা দুই বছর বাড়ানো হয়েছে বলে তিনি দাবি করেন।

এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, সাবেক সামরিক শাসক ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের মামলা প্রত্যাহার সংক্রান্ত কোনও মতামত বা সুপারিশ তার মন্ত্রণালয়ে এসে পৌঁছায়নি।

তিনি বলেন, কোনও ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করার ক্ষমতা সরকারের আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়টি দেখে থাকে। এরশাদের মামলা প্রত্যাহার করার ব্যাপারে আইন মন্ত্রণালয় কিছুই জানে না বলে তিনি উল্লেখ করেন।

অপর এক প্রশ্নের জবাবে মওদুদ আহমেদ বলেন, মৃত্যুদণ্ডাদেশ শুনানি বেঞ্চের সংখ্যা বাড়ানো সত্ত্বেও যথাযথ পর্যবেক্ষণের অভাবে হাইকোর্টে ঝুঁলে থাকা মৃত্যুদণ্ডাদেশ মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হচ্ছে না।

তিনি বলেন, মৃত্যুদণ্ডাদেশ দেওয়া মামলাগুলোর নথিপত্র তৈরির কাজে গতি আনতে সুপ্রিম কোর্টকে কম্পিউটার, ফটোকপি মেশিন ও জনশক্তি প্রদান করা হয়েছে। শিগগিরই তিনি এ ব্যাপারটি দেখবেন বলে জানান।

মন্ত্রী বলেন, ন্যায্য মূল্যে জমি বিক্রয়ের ব্যাপারে সরকার নতুন একটি আইন বা বিদ্যমান আইনে সংশোধনী আনার কথা বিবেচনা করছে।

তিনি বলেন, ২০০৪-০৫ সালে ৩৩ লাখ ৮৯ হাজার ছয়শ’ ৯৩টি ভূমি নিবন্ধন হয়েছে এবং এ খাত থেকে রাজস্ব হিসেবে এক হাজার সাতশ’ ৮২ দশমিক ৭৮ কোটি টাকা আয় হয়েছে। সরকারের গৃহীত পদক্ষেপের কারণে ভূমি নিবন্ধন সংখ্যা এবং রাজস্ব আয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে আইন সচিব আলাউদ্দিন সরদারসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।