২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসিকে দলীয়ভাবে প্লট দেওয়ার কথা সংসদে অস্বীকার করলেন পূর্তমন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) দলীয়ভাবে কোনো প্লট দেওয়ার কথা অস্বীকার করে বলেছেন, স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বিগত সরকার আমলে নিকুঞ্জে মাত্র তিন কাঠার যে প্লট পেয়েছিলেন, তা ছেড়ে দেওয়ার পর রাজউক প্লটটি সিইসিকে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2006, 04:35 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

তবে তখন পর্যন্ত তিনি প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হননি।

সোমবার সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি একথা বলেন।

মন্ত্রী প্লট বরাদ্দের ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকার আমলে রাজধানীতে বাড়ি রয়েছে এম অনেককে এবং বিরোধী দলীয় নেত্রীর অনেক আত্মীয়কে প্লট দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে তিনি বিরোধী দলীয় নেত্রীর ফুপু ফিরোজা বেগম, শেখ ফজলুল হক মনির ছেলে ব্যারিস্টার ফজলে নূর তাপস এবং সাংসদ নূর এ আলম চৌধুরী লিটনের নামে বরাদ্দকৃত প্লটের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, তাদের প্লট প্রাপ্তি যদি অনিয়ম না হয়, তবে বর্তমান সরকারও প্লট বরাদ্দের ক্ষেত্রে কোনো অনিয়ম করেনি।

এ সময় আওয়ামী লীগের সাংসদ ও শেখ মনির ভাই শেখ ফজলুল করিম সেলিম ফ্লোর নিয়ে বলেন, শেখ মনির নামে ঢাকায় কোথায় বাড়ি রয়েছে, তা মন্ত্রীকে বলতে হবে। তিনি সংসদে ভূল তথ্য দিয়েছেন, এটা হতে পারে না। আর একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে শেখ মনির ছেলে একটি প্লট পেতেই পারেন, এ নিয়ে সংসদে অসত্য তথ্য দেওয়া ঠিক নয়।

তবে স্পিকার শেখ সেলিমের বিধি বহির্ভূত এ বক্তব্য কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করে দেন।