শেখ হাসিনার গাড়ি বহরে দুর্ঘটনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গাড়ি বহর রোববার দিনাজপুর থেকে ঢাকা ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়।
এতে তার সফরসঙ্গী দলের ৫/৬ জন নেতা আহত হন। এর মধ্যে একজনের আঘাত ছিল গুরুতর। ক্ষতিগ্রস্ত হয় বহরের পাঁচটি গাড়ি।
দিনাজপুরে ১৪ দলের রংপুর বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে তিন দিনের সফর শেষে শেখ হাসিনা সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ফিরছিলেন। দিনাজপুরের ঘোড়াঘাটের জামিলাপুর নামক স্থানে বহরের একটি মাইক্রোবাসের চাকার সঙ্গে একটি বাঁশের তৈরি ঝুড়ি আটকে যায়। চালক হঠাৎ ব্রেক করলে পেছনের সকল গাড়ি একে অপরের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। দুর্ঘটনায় তাঁতী লীগের আহ্বায়ক ইনাজুর রহমান চৌধুরীর মাথা ফেটে যায়।
বিরোধী দলীয় নেতার একজন ব্যক্তিগত স্টাফ সফরসঙ্গী সাংবাদিকদের জানান, উদ্দেশ্য প্রণোদিতভাবে শেখ হাসিনার গাড়ির সামনেই তার যাত্রা পথে ওই ঝুড়িটি ফেলে রাখা হয়েছিল। কিন্তু তার গাড়ি চালক অত্যন্ত সতর্কতার সঙ্গে তা এড়িয়ে এগিয়ে যেতে সক্ষম হন। তাই শেখ হাসিনা সম্ভাব্য ওই দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।
