২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব আওয়ামী লীগ নেতাকে আটক করায় ঢাকা-মাওয়া সড়ক অবরোধ, মিছিল, সমাবেশ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) বিরোধী দল আওয়ামী লীগ নেতা আশরাফ হোসেন খানকে আটক করায় দলের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বৃহস্পতিবার ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2006, 09:35 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

বিকেল সোয়া ৫টা থেকে পৌঁনে ৬টা পর্যন্ত মাওয়া পুলিশ ফাঁড়ির কাছে আওয়ামী লীগ নেতাকর্মীরা রাস্তায় অবস্থান নিয়ে এ অবরোধ সৃষ্টি করে।

এর আগে সাবেক সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমেলীর নেতৃত্বে নেতা-কর্মীরা বিকেল সাড়ে ৪টা থেকে সোয়া ৫টা পর্যন্ত মহাসড়কে প্রতিবাদ মিছিল করে। মিছিল শেষে মাওয়া পুলিশ ফাঁড়ির সামনে তারা সমাবেশ করে।

সমাবেশে বক্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নেতা আশরাফ খানকে ছেড়ে না দিলে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।

মিছিল ও অবরোধে মহাসড়কটি অচল হয়ে পড়ে। এতে সেখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এদিকে ভাগ্যকূলে কর্তব্যরত র‌্যাব সদস্যরা জানিয়েছেন, আশরাফ খান নামের কোন আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়নি।

অবশ্য মাওয়া ফাঁড়ি ইনচার্জ দারোগা আব্দুল কুদ্দুস জানান, র‌্যাবই আওয়ামী লীগ নেতা আশরাফকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী রজত মিয়া জানান, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে র‌্যাব মাওয়া ভিআইপি ফ্যাশনের সামনে থকে আশরাফকে আটক করে ভাগ্যকূল কার্যালয়ে নিয়ে যায়।

তাকে আটকের কারণে জানা যায়নি।

এ ব্যাপারে র‌্যাব-৮ অফিসে কয়েক দফা যোগাযোগ করা হলে কেউই এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি। পরে বৃহস্পতিবার রাতে র‌্যাব-৮ তাকে থানায় সোপর্দ করে।