সংসদ অধিবেশনে যোগ দিয়েছে বিরোধী দল
দীর্ঘ ১৩ মাস বর্জনের পর রোববার সংসদে যোগ দিয়েছে বিরোধী দল আওয়ামী লীগ।
বিকেল পৌনে ৫টায় অধিবেশন শুরুর সাত মিনিট পর বিরোধী দলের সাংসদরা সংসদ কক্ষে প্রবেশ করেন। এসময় অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও এলজিআরডি মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়াসহ সরকারি মন্ত্রী এমপিরা টেবিল চাপড়ে তাদেরকে অভিনন্দন জানান।
পরে বিকেল সোয়া ৫টার দিকে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সংসদে প্রবেশ করলে সরকারি মন্ত্রী এমপিরা আবারও টেবিল চাপড়ে তাকে অভিনন্দন জানান।
প্রায় দেড় বছর পর শেখ হাসিনা সংসদ অধিবেশনে যোগ দিলেন। সর্বশেষ ২০০৪ সালের ১৪ জুলাই তিনি সংসদে যোগ দিয়েছিলেন। তবে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের সাংসদরা সর্বশেষ ২০০৪ সালের ২ ডিসেম্বর সংসদে যান।
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার প্রেক্ষিতে অধিবেশন স্থগিত ঘোষণার দাবি জানাতে ২০০৫ সালের ৩১ জানুয়ারি তারা সংসদ অধিবেশনে যোগ দিয়েছিলেন। কিন্তু সরকার তাদের দাবি না মানলে স্পিকারের কক্ষের সামনে বিক্ষোভ প্রদর্শন শেষে তারা সংসদ ত্যাগ করেন এবং সেই থেকে অব্যাহতভাবে সংসদের বাইরে ছিলেন।
আওয়ামী লীগের ৫৭ জন সংসদ সদস্যের মধ্যে শেখ হাসিনাসহ মোট ৫৫ জন সাংসদ রোববার সংসদে যোগ দেন। তারা যখন সংসদে প্রবেশ করেন তখন প্রশ্নোত্তর পর্ব চলছিল।
আওয়ামী লীগ সাংসদ আসাদুজ্জামান নূর ঢাকায় না থাকায় এবং আলতাফ হোসেন গোলন্দাজ অসুস্থ থাকায় তারা সংসদে যোগ দিতে পারেননি।
আওয়ামী লীগ সংসদে যোগ দেওয়ার কিছুক্ষণ পর শাহজাহান খান, কর্নেল (অব.) ফারুক খান, শামসুর রহমান শরিফ ও নূরে আলম চৌধুরী লিটনসহ বিরোধী দলীয় সাংসদদের প্রশ্নোত্তর পর্বে অংশ নেয়ার মধ্য দিয়ে দীর্ঘদিন পর প্রাণ ফিরে পায় সংসদ।
এর আগে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় দল প্রায় পৌনে এক ঘন্টাব্যাপী এক বৈঠকে মিলিত হয়।
বৈঠক সূত্র জানায়, বিরোধী দলীয় নেতা তার দলের সাংসদদেরকে সংসদে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অব্যাহত মূল্যবৃদ্ধি রোধে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে, সার ও ডিজেলের পর্যাপ্ত সরবরাহে এবং বিদ্যুৎ সরবরাহ নির্বিঘœ রাখার ক্ষেত্রে সরকারের ব্যর্থতা তুলে ধরার নির্দেশ দেন।
এছাড়াও তিনি সন্ত্রাসবাদ, গ্রেনেড ও বোমা হামলা এবং বিরোধী দলের নেতাকর্মীদের নিশ্চিহ্ন করতে তাদের ওপর সন্ত্রাসী হামলার বিষয় সংসদে তুলে ধরার জন্যে দলীয় এমপিদেরকে নির্দেশ দেন।
বিরোধী দলীয় হুইপ আবদুস শহীদ সাংবাদিকদের বলেন, তারা রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপন আলোচনায় বিরোধী দলের সকল সাংসদকে অংশ নেয়ার সুযোগ প্রদানের দাবি জানাবেন।
আলোচনার জন্যে নির্ধারিত সময়ের অর্ধেক অংশ বিরোধী দলের জন্যে বরাদ্দ থাকা উচিত বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, তারা তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংস্কারের বিষয়টিও সংসদে তুলে ধরবেন।
