২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষ হত্যা করে আ.লীগের ঘাড়ে দায় চাপানোর নোংরা খেলা বন্ধ করুন, মানুষ আর বিএনপিকে ভোট দেবেনা: প্রধানমন্ত্রীকে শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে সন্ত্রাসী লালন ও বোমা হামলা চালিয়ে মানুষ হত্যা করে আওয়ামী লীগের ওপর দোষ চাপানোর নোংরা খেলা বন্ধ করুন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2006, 08:20 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

দেশবাসীর কাছে আপনার মুখোশ খুলে গেছে। দুর্নীতিবাজ প্রধানমন্ত্রীর পরিবারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশের মানুষ আর বিএনপি জামাত জোটকে ভোট দেবে না।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় পার্টি ও বিএনপি থেকে বিপুল সংখ্যক নেতা কর্মীর আওয়ামী লীগে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে যোগদানকারী সহ দলের সর্বস্তরের নেতা কর্মী এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে জোট দু:শাসনের কবল থেকে জাতিকে মুক্ত করার সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান শেখ হাসিনা।

এর আগে জাতীয় পার্টির (এ) ভাইস চেয়ারম্যান সাবেক জেল সুপার জাহাঙ্গীর আলম, জাপা’র (মঞ্জু) ভাইস চেয়ারম্যান ও পার্বতীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ওহাব আলী সরকার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক উপপরিচালক বজলুল হাসান চন্দন) শেখ হাসিনার হাতে ফুলের তোড়া উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন। জাতীয় পার্টি ও বিএনপির বিপুল সংখ্যক নেতা কর্মী তাদের সঙ্গে আওয়ামী লীগে যোগ দেন।

শেখ হাসিনা তাদের দলে স্বাগত জানিয়ে বলেন, আপনারা এমন এক সময়ে আওয়ামী লীগের পতাকাতলে সমবেত হলেন, যখন সারা দেশের মানুষ বিএনপি জামাত জোট দু:শাসনের আগুণে জ্বলছে। জোটের অত্যাচার নির্যাতনে গোটা বাংলাদেশ আজ ক্ষত বিক্ষত।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতিতে মানুষ এমনিতেই দিশেহারা। অন্যদিকে দুর্নীতিবাজ সরকার দাতাদের শর্ত পূরণ করে রৃণ নিতে আবার ডিজেলসহ জ্বালানির দাম বাড়াচ্ছে। অথচ এই বিপুল পরিমাণ রৃণের বোঝা সামলাতে হবে দেশের মানুষকে। শোধ দিতে গরিব জনগণকে। জোটের দুর্নীতির কারণে আজ প্রতিটি শিশুকে মাথাপিছূ পাঁচ হাজার ডলারের রৃণের বোঝা নিয়ে জন্মগ্রহণ করতে হচ্ছে বলে উল্লে¬খ করেন তিনি।

প্রধামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, মানুষকে শোষণ নির্যাতন ও দেশের সম্পদ দু’হাতে লুটপাট করে দুর্নীতির মাধ্যমে আপনি, আপনার পরিবার ও সরকারি দলের মন্ত্রী এমপিরা অর্থের পাহাড় গড়ছেন। গত চার বছরে উন্নয়ন হয়েছে আপনাদের। দেশের মানুষের কোন উন্নয়ন হয়নি। প্রধানমন্ত্রী পরিবারের উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে দেশের মানুষ বিএনপি জোটকে আর ভোট দেবে না।

অঙ্গিকার ব্যক্ত করে তিনি বলেন, আগামীতে ক্ষমতায় যেতে পারলে প্রধানমন্ত্রী পরিবারের নয়-আমরা জনগণের উন্নয়ন করবো। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখে মানুষকে যন্ত্রণা থেকে মুক্তি দেব।

শেখ হাসিনা বলেন, প্রধানমন্ত্রী স্বয়ং হত্যা সন্ত্রাস, বোমাবাজি আর ডাণ্ডাবাজি শেখাচ্ছেন। জঙ্গি বোমাবাজদের নিয়ন্ত্রণ তারই হাতে। রেড ও গ্রীণ সুইচ টিপে যখন যেটা প্রয়োজন, তখন সেটা ব্যবহার করছেন তিনি। প্রতিটি গ্রেনেড ও বোমা হামলার সঙ্গে যে সরকারই জড়িত-এটা এখন প্রমাণিত।

তিনি বলেন, জঙ্গি বোমাবাজদের ১২০ দিনের রিমাণ্ডের নামে হেফাজতে রেখে খালাস দেওয়ার লোভ দেখিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যে সাক্ষ্য আদায় করছেন। আওয়ামী লীগের নাম জড়িয়ে আমাদের নেতা কর্মীদের হয়রাণি করা হচ্ছে।উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দায় এড়াতে চাচ্ছেন প্রধানমন্ত্রী। কিন্তু এসব করে শেষ রক্ষা হবে না। সত্য একদিন বেরিয়ে আসবেই।