২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগ রোববার সংসদে যেতে পারে, সংস্কার প্রস্তাব আনবেন শেখ হাসিনা: এমপিদের ঢাকায় থাকার নির্দেশ

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ১২ ফেব্রুয়ারি রোববার সংসদ অধিবেশনে যোগ দিতে পারে। যোগ দিয়ে তারা তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে বিরোধী দলের প্রস্তাব উত্থাপন করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 06:38 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

বিল আকারে নয়, এই প্রস্তাব বিরোধী দলীয় নেতা তার বক্তব্যে আনুষ্ঠানিকভাবে উত্থাপন করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অবশ্য বুধবার আওয়ামী লীগ প্রেসিডিয়াম, কার্যনির্বাহী সংসদ (ওয়ার্কিং কমিটি) ও সংসদীয় দলের চার ঘন্টাব্যাপী যৌথ সভা থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত সভা শেষে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি জানান, সভায় সংসদে যাওয়ার সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। তবে কবে যাবো, তা দলীয় প্রধান শেখ হাসিনা নির্ধারণ করে জানাবেন। সভা থেকে তার ওপরই এ দায়িত্ব দেওয়া হয়েছে। 

সভা সূত্র বিডিনিউজকে জানায়, সভায় আওয়ামী লীগের সংসদে যোগদান ও করণীয় এবং সংস্কার প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ১২ ফেব্রুয়ারি আওয়ামী লীগ দলীয় সাংসদরা অধিবেশনে যেতে পারেন। শেখ হাসিনা দলের সকল এমপিকে ঢাকায় অবস্থান করার নির্দেশ দিয়েছেন। তবে এর আগে সংসদীয় দলের (এএলপিপি) সভা অনুষ্ঠিত হবে। যোগদানের দিনই এ সভা হবে বলে সূত্র জানায়। 

আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওয়ার্কিং কমিটির সদস্য ছাড়াও প্রায় ৪০ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

সকল বাধা উপেক্ষা করে ঢাকা লংমার্চ সফল করায় সভা থেকে দেশবাসীকে অভিনন্দন জানানো হয়। এছাড়া গণগ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি ও ক্ষতিপূরণ এবং কানসাট হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার দাবি জানানো হয়।

হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রেক্ষাপটে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব না নেয়ায় সরকারের বিরুদ্ধে  আওয়ামী লীগ নিন্দা জ্ঞাপন করে।

সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে বেশ ক’টি সিদ্ধান্ত নেয়া হয়। কুমিল্লা (দ.) জেলা কমিটি বাতিল এবং আহম মোস্তফা কামাল লোটাসকে আহ্বায়ক করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। লাঙ্গলকোর্ট থানা কমিটিও বাতিল করা হয়। ফেনীর সাবেক পৌর চেয়ারম্যান মিয়া হাজারির বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত হয় এ সভায়।

সভায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেয়া হয়। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ওইদিন দিবাগত রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন। এ উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।