রোববার নির্বাচন কমিশনে আপিলের শুনানি শুরু
রোববার সকাল ১০টায় নির্বাচন কমিশনে জমা দেওয়া আপিলের শুনানি শুরু হবে।
শনিবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর দেওয়া হয়েছে।
মনোনয়নপত্র বাতিল আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দাখিলের শেষ দিন ছিল শনিবার। শেষ দিনসহ তিন দিনে মোট ১২৪টি আপিল জমা পড়েছে।
আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে চার হাজার ১৪৬টি মনোনয়ন জমা পড়ে। এর মধ্যে বাতিল হয় ২৬৪টি। ঋণ খেলাপের অভিযোগে ১৯৪টি প্রার্থীতা বাতিল হয়।
প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩ জানুয়ারি।
২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ছিল দু’হাজার ৫৬৩ জন।
এদিকে, প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের দায়ের করা আবেদনের শুনানিও রোববার হতে পারে।
কমিশনের অতিরিক্ত সচিব মোহাম্মদ জকরিয়া শনিবার সাংবাদিকদের বলেন, রোববার সকাল ১০টা থেকে বিভিন্ন প্রার্থীর দায়ের করা আপিলের ক্রমিক নম্বর অনুসারে সারা দিন ধরে শুনানি অনুষ্ঠিত হবে। শুনানি শেষ না হলে ঈদের দিন বিকাল ও মঙ্গলবারও চলবে।
নির্বাচন কমিশনের একটি সূত্র জানায়, পাঁচটি আসনে প্রার্থিতা বাতিল হওয়ার বিরুদ্ধে এরশাদের দায়ের করা আবেদনের ক্রমিক নম্বর ১৭ থেকে ২১।
এরশাদের আইনজীবী শেখ সিরাজুল ইসলাম শনিবার দুপুর ৩টায় সাংবাদিকদের বলেন, আপিলের শুনানি কখন হবে তা জানতে তিনি নির্বাচন কমিশনে এসেছেন। কমিশনের আইন কর্মকর্তারা রোববার সকাল ৯টায় তাকে কমিশনে থাকতে বলেছেন।
সিরাজুল ইসলাম অভিযোগ করেন, “সাবেক রাষ্ট্রপতি এরশাদ একজন বৈধ প্রার্থী। রিটার্নিং কর্মকর্তার কাছে আমরা ন্যায় বিচার পাইনি। আশা করি কমিশনের কাছে পাব।”
এদিকে, নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার শনিবার বঙ্গভবনে গিয়েছিলেন। তবে এর কারণ সাংবাদিকদের তিনি জানাননি।
শনিবার সকালে চাঁদপুর-২ আসনে চার দলীয় বিদ্রোহী প্রার্থী মোঃ জালাল উদ্দিন একই আসনে জোটের প্রার্থী নুরুল হুদার মনোনয়নপত্র বাতিলেরও একটি ভিন্নধর্মী আবেদন করেন।
নুরুল হুদাকে ঋণ খেলাপি দাবি করেন জালাল উদ্দিন।
সকালের দিকে কিশোরগঞ্জ-২ আসনের চার দলীয় প্রার্থী সাবেক সাংসদ মেজর (অব.) আক্তারুজ্জামান তাঁর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আবেদন জমা দেওয়ার আগে সাংবাদিকদের বলেন, “আমার বিরুদ্ধে অভিযোগ এসেছে ঋণ খেলাপের। তাই আপিল করতে এসেছি। কিন্তু আমি ঋণ খেলাপি নই। আমার কোম্পানী ঋণ খেলাপি। আমার ব্যবসা প্রতিষ্ঠান একটি লিমিটেড কোম্পানী। এর ৫/৭ জন পরিচালক রয়েছেন। সবার দেনা একজনের ঘাড়ে পড়বে এটা কী করে হয়?”
ঋণের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, “এটি একটি চলমান প্রাক্রিয়া। আজকে ঋণ আছে কাল হয়তো শোধ হয়ে যাবে। আপিলে আমি এ কথাটাই বলবো। তারা গ্রহণ করলে করবে।”
তিনি জানান, তার কোম্পানীর ঋণের পরিমাণ ৩০ কোটি টাকার মতো। এর মধ্যে সম্পত্তি প্রায় ১০০ কোটি টাকার। এছাড়া জামানতসহ অনেক সম্পদ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
নির্বাচন কমিশনে এরশাদের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আবেদন গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “আমি দেখলাম গতকাল (শুক্রবার) সাবেক রাষ্ট্রপতি আপিল করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামির আপিল গৃহীত হওয়ার কারণে আমি আপিল করতে উৎসাহিত হয়েছি।”
শুক্রবার সন্ধ্যায় প্রতিনিধির মাধ্যমে আপিল করেন গোলাম ফারুক অভি (বরিশাল-২)। এই স্বতন্ত্র প্রার্থী তার আবেদনে বলেন, চার বছর আগে স্ট্যান্ডার্ট চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে তিনি ১২ হাজার টাকার পণ্য কেনেন। ব্যাংক দাবি করেছে সুদে-আসলে এই ঋণের পরিমান এখন ৮২ হাজার টাকা। কিন্তু তিনি অনেক আগেই এই অর্থ ব্যাংককে পরিশোধ করেছেন।
মডেল কন্যা তিন্নি হত্যা মামলার অন্যতম আসামী অভি বছর চারেক আগেই দেশ ছাড়েন।
