২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে এরশাদকে অযোগ্য ঘোষণা করতে তৎপর এটর্নি জেনারেলের দপ্তর

সংসদ নির্বাচনে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের নির্বাচনে অংশগ্রহণে বাধা দিতে তৎপর হয়ে উঠেছে এটর্নি জেনারেলের দপ্তর। জানাচ্ছেন অমিত তালুকদার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 08:35 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

এ উদ্দেশে জাপানি নৌযান ক্রয় দুর্নীতি মামলায় সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের দুই বছরের কারাদণ্ড বহালের বিরুদ্ধে আবেদন করার অনুমতি বাতিলের (রিকল) জন্য রোববার আপিল বিভাগে আবেদন জানানো হয়েছে। মঙ্গলবার এই আবেদনের ওপর আপিল বিভাগের চেম্বার জজের আদালতে শুনানি হবে।

গত ১৯ ডিসেম্বর এরশাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন করার অনুমতি দিয়েছিলেন আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার জজ বিচারপতি জয়নুল আবেদীন।

আপিল বিভাগের দেওয়া অনুমতি প্রত্যাহারের জন্য রোববার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রাষ্ট্রপক্ষ থেকে একটি আবেদন দায়ের করেছেন এডভোকেট অন রেকর্ড এ এস এম খালেকুজ্জামান। এরশাদের কৌঁসুলীদের এ আবেদনের অনুলিপিও সরবরাহ করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের ডেপুটি এটর্নি জেনারেল হেলালউদ্দিন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরশাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন করার অনুমতি পাওয়ার পর তার আইনজীবীরা সাংবাদিকদের বলেছেন, এরশাদকে আর জেলে যেতে হবে না, তার সাজা খাটা হয়ে গেছে। এখন তার বিচার আদালতে আত্মসমর্পন করে জেল থেকে ওকালতনামায় স্বাক্ষর আনার প্রয়োজন নেই।”

বিষয়টি ব্যাখ্যা করে মোল্লা বলেন, “আপিল বিভাগের চেম্বার জজ এরশাদকে যে অনুমতি দিয়েছিলেন তা বাতিলের জন্য আবেদন করা হয়েছে। ওই আবেদনে বলা হয়েছে, আপিল বিভাগের বিধিমালার ‘অর্ডার ২৪ এর ৮ বিধি’ অনুযায়ী কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তিকে জেল কর্তৃপক্ষের মাধ্যমে সত্যায়িত ওকালতনামা এনে আপিল দায়ের করতে হয়। এর অর্থ হল বিচার আদালতে তাকে আত্মসমর্পন করে জেলে গিয়ে ওকালতনামায় স্বাক্ষর করে পাঠিয়ে দিতে হবে।”

এরশাদের মনোনয়নপত্র দাখিল প্রসঙ্গে হেলালউদ্দিন বলেন, “মনোনয়নপত্র জমা দিলেও তা বাছাইয়ে টিকবে না। কারণ তার সাজা খাটা শেষ হয়নি। তাকে রিটার্নিং অফিসারের কাছে ব্যখ্যা করতে হবে যে তার কারাদণ্ড ভোগ করা শেষ হয়েছে। জনতা টাওয়ার, জাপানি বোট ও শাড়ির ভাঁজে অর্থ উদ্ধার মামলায় দণ্ডাদেশ ও সাজা ভোগের হিসাব দিয়ে মোল্ল¬া বলেন, এরশাদের সাজা ভোগ এখনো শেষ হয়নি।

এ তিনটি মামলার মধ্যে অর্থ উদ্ধার মামলায় এরশাদ ১৯৯২ সালের ৩ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন। আসছে ১০ জানুয়ারি হাইকোর্টে মামলাটির শুনানি হবে। তিনি ১৯৯৭ সালের ৯ জানুয়ারি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

গত ১৪ ডিসেম্বর জাপানি বোট ক্রয় দুর্নীতি মামলায় হাইকোর্ট এরশাদের আপিল খারিজ করে তার দুই বছরের কারাদণ্ড বহাল রাখে।

এ মামলায় ১৯৯৫ সালের ৬ জুলাই ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালত এরশাদকে তিন বছরের কারাদণ্ড দিয়েছিল।

মামলার অভিযোগে বলা হয়েছিল, ১৯৮৯ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ত্রাণ মন্ত্রনালয় ৫শ২০ টি নৌযান ও ১০ টি পানি পরিশোধন যন্ত্র ৩৩ কোটি টাকায় কেনার ক্ষেত্রে এরশাদ প্রভাব বিস্তার করে ৬ কোটি টাকা আত্মসাত করে সরকারের ক্ষতি করেন।

এ অভিযোগে ১৯৯১ সালের ২২ জুলাই এরশাদের বিরুদ্ধে রমনা থানায় মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন ব্যুরোর উপ পরিচালক এ কে এম হোসেন।