নির্বাচন প্রক্রিয়ায় ফিরতে রাজনৈতিক উত্তেজনা কমান: ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল
ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন (ইওএম)-এর প্রধান আলেকজান্ডার গ্রাফ ল্যাম্বসডরফ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা রাখতে রাজনৈতিক উত্তেজনা দূর করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রক্রিয়ায় ফিরতে রাজনৈতিক উত্তেজনা প্রশমন করা জরুরি।”
বৃহষ্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় পার্লামেন্টের জার্মান সদস্য এ মন্তব্য করেন।
অবশ্য নির্বাচনের তফসিল পেছানোর জন্য বেশ কয়েকটি রাজনৈতিক দলের দাবি সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
এ প্রসঙ্গে ল্যাম্বসডরফ বলেন, ”নির্বাচনের তফসিল পেছানোর জন্য পরামর্শ দেয়াটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না।”
সবগুলো রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশ নেবে কি-না জানতে চাইলে তিনি বলেন, ”এ বিষয়ে মন্তব্য করাটা কল্পনাপ্রসূত হবে। রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য সিদ্ধান্তের ব্যাপারে আমি কোনো অনুমান করতে চাই না।”
বর্তমান প্রেক্ষাপটে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব কি-না জানতে চাইলে ল্যাম্বসডরফ বলেন, নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত সকল পক্ষ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রক্রিয়াটি অব্যাহত রেখে এরমধ্যেই উত্থাপিত বিবাদমান ইস্যুগুলো দূর করতে পারলে এটা সম্ভব। এর ফলে এমন একটি নির্বাচন হবে যেখানে বাংলাদেশের জনগণের বাস্তব আশা আকাঙ্খার প্রতিফলন ঘটবে।
তিনি রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য দূর করার জন্য দলগুলোর দায়িত্বশীলতার ওপর মত দেন।
ইওএম দলনেতা বলেন, এ বিষয়টি পুরোপুরি রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করে। আমি বিশ্বাস করি নির্বাচন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকল পক্ষকে একটি অবাধ, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য প্রক্রিয়ার জন্য একসঙ্গে কাজ করা উচিত।
