হরতালে মীর্জা জলিল গ্রেপ্তার
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের হরতালের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর বৃহস্পতিবার আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. মীর্জা আবদুল জলিলকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে আদালত রিমান্ডের আবেদন নাকচ তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, শ্যামলী এলাকা থেকে কৃষক লীগ সভাপতিকে গ্রেপ্তার করা হয়। সে সময় গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সাত কর্মীকেও।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মির্জা জলিলের ব্যাক্তিগত সচিব নাঈমুল হক ও সহকারি ব্যাক্তিগত সচিব আব্দুল বারেকও রয়েছেন। এছাড়া অপর পাঁচ জন হলেন এরশাদ হোসেন, কবীর আহম্মেদ, হুমায়ন কবীর, সেকেন্দার আলী ও জামালউদ্দিন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামলী রিং রোড এলাকায় বেলা ১১ টার দিকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কর্মীদের সঙ্গে পুলিশ ও বিডিআর-এর সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিডিআর ছাড়াও সেনা সদস্যরা পিকেটারদের ওপর লাঠিচার্জ করে। এক পর্যায়ে রাবার বুলেটও নিক্ষেপ করে তারা।
এর পরপর গ্রেপ্তার করা তাদের।
প্রত্যক্ষদর্শীরা জানান, মির্জা জলিলের নেতৃত্বাধীন একটি মিছিলে পুলিশ ও বিডিআর বাধা দিলে এই সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে তিন পুলিশ ও দমকল বাহিনীর সদস্যসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন সহকারি কমিশনার গিয়াসউদ্দিন রিমন, কন্সটেবল এমরান হোসেন ও হুমায়ন।
বিকেল ৩ টার দিকে মীর্জা জলিলকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন জানায়। কিন্তু আদালত রিমান্ড নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
মীর্জা জলিল ২০০১ সালে পাবনার বেড়া-সুজানগর আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “মির্জা জলিল ও তার সহযোগীদের দ্রুত বিচার আইনে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশের উপর হামলার।
তিনি বলেন, গ্রেপ্তারের সময় সেনাবাহিনী, বিডিআর ও পুলিশ উপস্থিত ছিল।
