২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অফিস করেননি নির্বাচন কমিশনার জাকারিয়া

নির্বাচন কমিশনার স ম জাকারিয়া বৃহস্পতিবার দিনভর নির্বাচন কমিশন সচিবালয়ে ছিলেন অনুপস্থিত। তিনি ছুটিতে গেছেন কিনা সেই প্রশ্নেরও উত্তর দিতে পারেননি কেউ। ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেছেন, এ বিষয়ে কিছুই জানেন না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2006, 06:27 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

আরেক প্রশ্নের জবাবে মাহফুজুর রহমান বলেন, “কোনো কমিশনার ছুটিতে গেলে সিইসিকে জানাতে হয়, কিন্তু এ বিষয়টি আমি জানি না। আমি কোনো ছুটির কাগজ পাইনি। এ ছাড়া তাঁর সঙ্গে আমার কোনো যোগাযোগও হয়নি। আমি নিজেও এ বিষয়ে কোনো খোঁজখবর নিইনি।”

বুধবার রাতে টেলিভিশনে দেওয়া তথ্য উপদেষ্টা মাহবুবুল আলমের বক্তব্য উদ্ধৃত করে ভারপ্রাপ্ত সিইসি বলেন, “গত রাতে টেলিভিশনে দেখলাম তাঁকে ছুটিতে যাওয়ার জন্য উপদেষ্টারা অনুরোধ করবেন। কিন্তু আদৌ এ অনুরোধ করা হয়েছে কি না, তা জানি না। ছুটিতে যাওয়ার প্রশ্নটি স ম জাকারিয়ার ব্যক্তিগত ব্যপার।”

এদিকে বৃহস্পতিবার সকাল ৯ টার পরপরই ভারপ্রাপ্ত সিইসি এবং অপর তিন কমিশনার মাহমুদ হাসান মনসুর, মোদাব্বির হোসেন চৌধুরী ও মো. সাইফুল আলম যথারীতি অফিসে আসেন। অন্যদিন স ম জাকারিয়া সকাল ৯টার মধ্যেই অফিসে চলে আসেন।

দুপুর ১২ টার দিকে কমিশন কমিশন সচিব আব্দুর রশীদ সরকারকে জাকারিয়ার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, “জাকারিয়া নিজেই ছুটিতে যেতে আগ্রহী। আজকালের মধ্যেই তিনি ছুটিতে যাবেন।”

জাকারিয়ার ব্যক্তিগত কর্মকর্তা সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, স ম জাকারিয়া সকাল থেকে অফিসে কোনো টেলিফোনও করেননি। তার অফিস করা, না করা, ছুটিতে যাওয়ার বিষয়ে কোনো তথ্য তার কাছে নেই।

তবে সচিব আব্দুর রশীদ সরকারের সঙ্গে স ম জাকারিয়ার সার্বক্ষণিক যোগাযোগ আছে বলে একটি সুত্র জানায়। কমিশনে তাঁর অনুপস্থিতির বিষয়ে দুপুরে বেসরকারি টেলিভিশনগুলোর সংবাদ দেখে তিনি বেলা ২ টার দিকে সচিবকে টেলিফোন করেন। স ম জাকারিয়া কমিশনের বিভিন্ন বিষয় নিয়ে সচিবের সঙ্গে আলাপ করেন বলে জানা গেছে।

এদিকে মহাজোটের সকাল-সন্ধ্যা হরতাল উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয় ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। দিনভর পুলিশ, অতিরিক্ত পুলিশ, বিডিআরের পাশাপাশি সেনা সদস্যরা টহল অব্যাহত ছিল।