২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ইজতেমা শুরু হবে ২ ফেব্রুয়ারি

মুসলিম উম্মাহর দ্বিতীয় হজ বলে পরিচিত বিশ্ব ইজতেমা শুরু হবে ২ ফেব্রুয়ারি ঢাকার টঙ্গিতে। চলবে ৪ তারিখ পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2006, 07:57 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ইজতেমা সম্পর্কিত এক বৈঠকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে।

আইন-শৃঙ্খলার অবনতি ও সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পুলিশ, র‌্যাব, বিডিআর ও আনসার মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে ইজতেমাস্থলে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, বিডিআর, আনসার, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর এবং ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেনুর মিয়া সাংবাদিকদের ব্রিফিং করেন।

জানানো হয়, ইজতেমায় আসতে আগ্রহী বিদেশি অতিথিদের নিজ নিজ দেশের বাংলাদেশ দূতাবাস থেকে ভিসা সংগ্রহ করতে হবে। যদি কোনো দেশে বাংলাদেশের দূতাবাস না থাকে তাহলে ওইসব দেশের লোকদের প্রতিবেশী দেশ থেকে ভিসা সংগ্রহ করতে হবে। কিন্তু তৃতীয় কোনো দেশে বসবাসকারীরা ভিসা পাবেন না।

হজে রয়েছেন এমন ব্যক্তিরা সৌদি আরব থেকেই ভিসা সংগ্রহ করতে পারবেন। তবে যদি কেউ নিজ দেশ বা অন্য কোথাও থেকে ভিসা সংগ্রহে ব্যর্থ হন, সেক্ষেত্রে তারা জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ‘অ্যারাইভাল ভিসা’ নিতে পারবেন।

বিমান ছাড়াও সড়ক ও নৌপথেও অতিথিরা আসতে পারবেন।

এবারের ইজতেমায় দেশি-বিদেশি মিলিয়ে মোট ৫০ লাখ মানুষ অংশ নিতে পারেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে।

ব্রিফিংয়ে জানানো হয়, বিশ্ব ইজতেমা সফল করতে তিনটি কমিটি কাজ করছে।

ইজতেমায় যোগদানকারীদের সুবিধার্থে সেখানে এবার তিনটি গভীর নলকুপ বসানো হবে।

যাতায়াতের সুবিধার জন্য বিশেষ ট্রেন এবং অবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ নিশ্চিত করতে বিশেষ জেনারেটর স্থাপন করা হবে।

ইজতেমা মাঠে প্রবেশ ও বের হওয়ার জন্য তুরাগ নদীর ওপর সাতটি ভাসমান সেতু স্থাপন করা হবে। স্বাস্থ্য বিভাগের আটটি ও বেসরকারি সংস্থাগুলোর ১৪টি অ্যাম্বুলেন্স সেখানে চিকিৎসা সেবায় নিয়োজিত থাকবে।

ইজতেমাস্থলে বাসি ও পচা খাবার বিক্রি বন্ধে আনসার বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক তৎপর থাকবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইজতেমা মাঠে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এসব সদস্য থাকবে সাদা পোশাকে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের স্বাভাবিক টহলের পাশাপাশি র‌্যাবের হেলিকপ্টারও আকাশে টহল দেবে।

ব্রিফিংয়ে জানানো হয়, তুরাগ নদীর পশ্চিম দিকে রাজউকের বরাদ্দ করা সাতটি শিল্প প্লটের মধ্যে ছয়টির বরাদ্দপত্র বাতিল করা হয়েছে। যেটি বাতিল হয়নি, সেখানে হাসপাতাল তৈরি হবে। বাতিল হওয়া প্লটগুলোতে শিগগির উচ্ছেদ অভিযান চালানো হবে।

এছাড়াও ইজতেমা মাঠের আশেপাশের বস্তি উচ্ছেদে স্থানীয় জেলা ও পৌর প্রশাসন অভিযানে নামবে।