ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগ নেতাদের মধ্যে বাকবিতণ্ডা
বিজয় দিবসের র্যালির আগে স্বাধীনতা স্তম্ভের ‘শিখা চিরন্তন’-এ ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগ নেতাদের মধ্যে মান-অভিমান ও বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।
র্যালির জন্য দলের সিনিয়র নেতারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে জড়ো হতে শুরু করেন অনেক আগে থেকেই।
বিকাল সাড়ে ৩টার দিকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত ও মতিয়া চৌধুরীর নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা স্বাধীনতা স্তম্ভের ‘শিখা চিরন্তন’-এ পুষ্পস্তবক অর্পণ করেন।
এর কিছুক্ষন পর ওবায়দুল কাদের সেখানে আসেন। তাকে ছাড়াই ফুল দেওয়ায় তিনি আর ইনস্টিটিউটের সামনের সমাবেশে বক্তব্য রাখেননি।
এমনকি, আব্দুর রাজ্জাকের বক্তব্যের পর মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার অনুরোধেও তিনি মঞ্চে ওঠেননি।
এ বিষয়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজী হননি।
এদিকে, ‘শিখা চিরন্তন’-এ ফুল দেয়া নিয়েও আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদিকা নাজমা রহমান ও মহানগর নেতা হাজী সেলিমের মধ্যে বাক-বিতণ্ডা হয়।
দলের কেন্দ্রীয় নেতারা একসারিতে দাঁড়িয়েই ফুল দিচ্ছিলেন। এসময় হাজী সেলিম নাজমা রহমানকে সরে যেতে বলেন। নাজমা রহমান এর প্রতিবাদ করায় হাজী সেলিম তার দিকে তেড়ে যান।
এক পযার্য়ে দু’জনই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় ।
যোগাযোগ করা হলে নাজমা রহমান এ প্রসঙ্গে কিছুই বলতে চাননি।
