রাজশাহীতে আবু হেনার বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত
রাজশাহী-৩ (বাগমারা-মোহনপুর) আসনের সাবেক সাংসদ আবু হেনাকে মনোনয়ন না দেওয়ার দাবিতে বৃহস্পতিবার বিকালে বাগমারার হাটগাঙ্গোপাড়ায় বিক্ষোভ ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
বিএনপির আঞ্চলিক কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে হাটের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে কার্যালয়ের সামনে যুবদলের আঞ্চলিক কমিটির সভাপতি কামাল শাহের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন আউচপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজউদ্দিন, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি তাজউদ্দিন আহমেদ, বাসুপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক বয়েনউদ্দিন, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল সরদার, শুভডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুর রাজ্জাক প্রমুখ।
বক্তারা আগামী নির্বাচনে কোনমতেই আবু হেনাকে মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপির হাইকমান্ডের প্রতি আহবান জানান।
বক্তারা বলেন, আবু হেনা দল থেকে বহিষ্কারের আগে ও পরে বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে আপত্তিকর অভিযোগ করে যাচ্ছেন। তিনি বিএনপির প্রতি এখনও অনুগত ও বিশ্বস্ত নন। সাংসদ থাকার সময় তিনি কোন উন্নয়ন করেননি। তৃণমুল পর্যায়ের নেতাদের মতামতের ভিত্তিতে যোগ্য কোন ব্যক্তিকে এই আসনে মনোনয়ন দেওয়ার জন্য নেতা-কর্মীরা বিএনপির হাইকমান্ডের প্রতি আহবান জানান।
এদিকে গত বুধবার মোহনপুরের ধুরইল হাটে আবু হেনার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।
ধুরইল ইউনিয়ন ছাত্রদল সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মোহনপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন, প্রচার সম্পাদক কাজিমুদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস আলি প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা আবু হেনাকে ধুরইল ইউনিয়ন এলাকায় প্রতিরোধের ঘোষণা দিয়ে বলেছেন, বিএনপি তাকে মনোনয়ন দিলেও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাকে প্রতিরোধ করবে।
