৪ দলের মহাসমাবেশ ১৯ ডিসেম্বর
বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট আগামী ১৯ ডিসেম্বর পল্টন ময়দানে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে জোটের শরীক দলগুলোর মহাসচিব পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকের পর মান্নান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, “আমরা সাধারণত মনোনয়ন পত্র দাখিলের শেষদিনের আগে একটি বড় সমাবেশ করে থাকি। এবার ২১ ডিসেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষদিন হওয়ায় ১৯ ডিসেম্বর বেলা ২টায় পল্টন ময়দানে এ সমাবেশ হবে।”
সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ শরীক দলগুলোর নেতারা বক্তব্য রাখবেন।
সভায় জামায়াতে ইসলামীর মহাসচিব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারি মহাসচিব এম কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নিজামী, বাংলাদেশ জাতীয় পার্টির (মঞ্জুর) মহাসচিব শামীম আলম মামুন, বাংলাদেশ জাতীয় পার্টির (ডা. মতিন), ভারপ্রাপ্ত মহাসচিব ক্বারী হাবিবুল্লাহ বেলালী এবং ঢাকা মহাসগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালাম উপস্থিত ছিলেন।
তিনি জানান, দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে চার দলীয় জোটের উদ্যোগে জেলা, উপজেলা এবং ওয়ার্ড পর্যায়ে তিন দিনব্যাপী বিক্ষোভ সমাবেশ বৃহস্পতিবার শেষ হয়েছে।
এদিকে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার বিকেলে নয়াপল্টনে মহানগর বিএনপির কার্যালয়ে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকার সাবেক আট সংসদ সদস্যদের নিয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হবে।
