ভোটার তালিকা সংশোধনের সময় ৩ দিন বাড়লো
ভোটার তালিকা সংশোধনের সময় আরও তিনদিন বাড়লো। নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার বৃহস্পতিবার দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের জানান, তালিকা সংশোধনের কাজ ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। তবে ভোট গ্রহণের আগের দিন পর্যন্ত নির্বাচন কর্মকর্তারা অফিসে বসে তালিকা সংশোধনের কাজ করবেন।
গত ৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ সংশোধন কাজ ১৫ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল।
আব্দুর রশীদ সরকার বলেন, “বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের মেয়াদ ১৮ ডিসেম্বরের পরে আর বাড়ানো সম্ভব হবে না। আওয়ামী লীগ ও বিএনপি প্রতিনিধিদের অনুরোধে কমিশন বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এক বৈঠকে এ বিষয়টি চূড়ান্ত করেছে।”
দ্বিতীয় দফায় ঘোষিত তফসিল অনুযায়ী, ২০০৭ সালের ২৩ জানুয়ারি নির্বাচনের দিন হলেও ওই দিন সরস্বতী পূজা থাকায় কমিশন ভোটের তারিখ পুনঃনির্ধারণ করার চিন্তা করছে।
বিএনপি চায় নির্বাচনের তারিখ দু একদিন এগিয়ে আনতে। অন্যদিকে আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে ভোটের তারিখ নির্ধারিত সময়ের চেয়ে আরও দেড় মাস পেছানোর দাবি জানিয়েছে।
এ প্রসঙ্গে সচিব আব্দুর রশীদ সরকার বলেন, “কমিশনের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।” নির্বাচনের তারিখ দু একদিনের মধ্যেই চুড়ান্ত করা হবে বলে তিনি উল্লেখ করেন।
এক প্রশ্নের জবাবে সচিব বলেন, “তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, তত্ত্ববধায়ক সরকারের ৯০ দিনের মধ্যে (২৫ জানুয়ারি) নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। এর পরে নির্বাচন আর পেছানো যাবে না। তবু ভোটের তারিখ পেছানোর সম্ভাবনা আছে, কি নেই তা কমিশনই নির্ধারণ করবে। তারাই সিদ্ধান্ত নেবে নির্বাচনের সময়সীমা বাড়ানো হবে কি না।”
উপদেষ্টাদের গুচ্ছ প্রস্তাব অনুযায়ী দুজন কমিশনারের ছুটিতে যাওয়ার কথা। এ বিষয়ে জানতে চাওয়া হলে সচিব বলেন, “এটি কমিশনের আলোচ্য বিষয় নয়। এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। এছাড়া যাদেরকে নিয়ে গুচ্ছ প্রস্তাবনা, তারাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।”
আইন-শৃঙ্খলাসহ নির্বাচন বাস্তবায়নে কমিশন প্রায় ২০০ কোটি টাকা খরচ করছে বলে যে সব সংবাদ পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে, সে বিষয়ে আব্দুর রশীদ বলেন, “বাজেটের এই বিষয়টিও চূড়ান্ত হয়নি।”
নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশ গ্রহণের বিষয়ে কমিশনের কোনো উদ্যোগ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার তো উদ্যোগ নিচ্ছে। এছাড়া কমিশনের উদ্যোগের অংশ হিসেবে আমি নিজেও একাধিকবার প্রধান উপদেষ্টার কাছে গিয়েছি। আমি আশা করি, নির্বাচনে সব দল অংশ নেবে।”
নির্বাচনী প্রস্তুতি সুষ্ঠুভাবে এগিয়ে চলছে বলেও দাবি করলেন সচিব।
বিকেল সাড়ে ৪টার দিকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কমিশন সচিবালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় অফিসের লবিতে সাংবাদিকরা তাকে ঘিরে ধরলে তিনি কোনো প্রশ্নেরই জবাব দেননি। নির্বাচনের তারিখ কবে নাগাদ পুঃনির্ধারণ করা হচ্ছে-এই প্রশ্নের জবাবে তিনি শুধু বলেন, “শিগগিরই জানবেন, জানবেন।”
বিকেল পৌনে ৫ টার দিকে নির্বাচন কমিশনার মোদাব্বির হোসেন চৌধুরী গাড়িতে উঠে চলে যাওয়ার আগে তার ছুটিতে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি না-এ প্রশ্নের জবাবে বলেন, “এখনই সম্ভাবনার কথা কিছু বলা যায় না।”
ছুটির বিষয়ে তিনি নিজে কিছু ভাবছেন কি না প্রশ্নের উত্তরে তিনি শুধু বলেন, “নো কমেন্ট।”
নির্বাচন কমিশনার স ম জাকারিয়া সকালে তার কক্ষে একদফা কমিশনার মোদাব্বির হোসেনের সঙ্গে একান্তে বৈঠক করেন। পরে ভারপ্রাপ্ত সিইসির কক্ষে সব ক’জন কমিশনার বসেন। সেখান থেকে বেলা ১ টার কিছু পরে স ম জাকারিয়া সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব না দিয়েই বেরিয়ে যান।
এদিকে সকালে কমিশন সচিব আব্দুর রশীদ সরকারের সঙ্গে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূত স্টিফেন ফ্রেইন একটি সমঝোতা স্মারক সাক্ষর করেন। নির্বাচন পর্যবেক্ষণে দেশে যে সব বিদেশি পর্যবেক্ষক আসবেন, সে বিষয়েই এই স্মারক স্বাক্ষরিত হয়।
পরে স্টিফেন ফ্রেইন সাংবাদিকদের জানান, এ বছর নির্বাচন পর্যবেক্ষণে প্রায় দেড়শ বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশ আসছেন।
সন্ধ্যায় কমিশন সচিবের সঙ্গে জামায়াতে ইসলামীর ছয় সদস্যর একটি প্রতিনিধি দল সাক্ষাত করে। দলের নেতৃত্ব দেন মজলিসে সূরা কমিটির সদস্য ও সাবেক সাংসদ মওলানা আব্দুস সোবাহান। অপর সদস্যরা হচ্ছেন-আব্দুল কাদের মোল্লা, মকবুল আহমেদ, তাসনিম আলম, রফিকুল ইসলাম ও জসিম উদ্দীন সরকার।
