ডুমুরিয়ায় মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে দুই ‘রাজাকার’ বিশেষ অতিথি
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলা প্রশাসন আগামী শনিবারের মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে চিহ্নিত দুই ‘রাজাকার’কে বিশেষ অতিথি করায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ডুমুরিয়া কলেজে দুপুর ১২টায়।
সূত্র জানায়, সংবর্ধনা অনুষ্ঠানসহ বিজয় দিবস পালনের জন্য গঠিত একাধিক উপ-কমিটির অধিকাংশ সদস্যই স্বাধীনতাবিরোধী কার্যকালাপের সঙ্গে জড়িত ছিলেন। যে দুই চিহ্নিত ‘রাজাকার’কে বিশেষ অতিথি করা হয়েছে তারা হলেন জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমীর শেখ নজরুল ইসলাম এবং গোলাম হায়দার।
অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক ক্ষোভ প্রকাশ করে বলেন, “দুই রাজাকার ও আলবদর নেতাকে বিশেষ অতিথি করে সব মুক্তিযোদ্ধাকে অপমানিত করা হয়েছে।”
বিতর্কিত এই ব্যাক্তিরা অনুষ্ঠানে আসলে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন না বলেও জানিয়ে দিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ বলেন, “১৯৭১ সালে শেখ নজরুল ইসলাম ও তার সহযোগী গোলাম হায়দার উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের অধিবাসী বুদ্ধিজীবী অসীম মাষ্টারকে হত্যা করে। এর পরপর রাজাকার ও আলবদরদের সহযোগিতায় পাক-হানাদার বাহিনী উপজেলায় হত্যাযজ্ঞ শুরু করে।”
তিনি অভিযোগ করেন, এখনো উপজেলা প্রশাসন পরিচালিত হচ্ছে জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সাংসদ মিয়া গোলাম সরওয়ারের নির্দেশে । তারা মুক্তিযোদ্ধাদের দাবিয়ে রাখতে জাতির জন্য এসব লজ্জাজনক কাজ করছেন।
তবে জামায়াত নেতা শেখ নজরুল ইসলাম ও গোলাম হায়দার স্বাধীনতা বিরোধী কোন কর্মকান্ডে জড়িত ছিলেন না দাবি করে বলেছেন, এটা একটি বিশেষ মহলের ষড়যন্ত্র।
এদিকে উপজেলার সাধারণ মুক্তিযোদ্ধারা অভিযোগ করেছেন, বিজয় দিবস পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন যে ১৫টি উপ-কমিটি গঠন করেছে তার অধিকাংশ সদস্যই স্বাধীনতা বিরোধী কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইদ্রিস সিদ্দিকী বলেন, তিনি এখানে নতুন যোগ দিয়েছেন। আগের ধারাবাহিকতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে দুই ‘রাজাকার’কে বিশেষ অতিথি করার ঘটনাকে তিনি দুঃখজনক বলেও অভিহিত করেন।
