২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি উপদেষ্টা আছেন হুমকির মধ্যে

বেসরকারি সংস্থা আশা এর বিভিন্ন দপ্তরে আগুন ধরিয়ে দেওয়ার পর থেকে শারীরিক ও মানসকিভাবে ভেঙে পড়েছেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের নবনিযুক্ত কৃষি উপদেষ্টা সফিকুল হক চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2006, 10:22 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

বৃহস্পতিবার সকালে কৃষি মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, “আমি চিন্তাগ্রস্ত ও অসুস্থ হয়ে পড়ছি। অফিসে আগুন দেওয়ায় রাতে ঘুমাতে পারিনি। এক ধরনের হুমকির মধ্যে আছি। বাঁচবো কিনা জানিনা।”

আশার অফিসে কারা আগুন দিয়েছে-এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এ মুহূর্তে আমি জানিনা।”

আওয়ামী লীগ বা ১৪ দল এ ঘটনা ঘটিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “তারা এটা করতে পারে না। এটি অন্তর্ঘাত হতে পারে আবার স্বতঃস্ফুর্ত ভাবে কোনো দলের নেতাকর্মীরাও এ কাজ করতে পারে। সরকারের কাছে থেকে এ ব্যাপারে কোনো সাহায্য বা ব্যবস্থা নিতে আশাকে নিষেধ করেছি। আমি নিজে আইজিপিকে কিছু বলিনি। পদ ব্যবহার করে এ ধরনের কোনো সুযোগ নিতে চাইনা।”

হুমকির প্রসঙ্গে তিনি বলেন,“কেউ হুমকি দেয়নি।”

১৪ দলের নির্বাচনের সময় বাড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, “এটি নির্বাচন কমিশনের এখতিয়ার। তারা ইচ্ছা করলে সময় বাড়াতে পারে। সুপ্রিম কোর্টের কাছে সময় বাড়ানোর জন্য আবেদনও করতে পারে নির্বাচন কমিশন। দুই দল এক হলে সব কিছূ সহজেই করা সম্ভব, একমত না হলে সম্ভব নয়।”

তিনি আরো বলেন, “বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে দুই নির্বাচন কমিশনার নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। আলোচনার পরিপ্রেক্ষিতেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

“তিনদিনের মধ্যে সমস্যার সমাধানের যে কথা বলেছি এটি আক্ষরিক অর্থে তিনদিন নয়। বরং আরো সময় লাগবে।”

৯০ দিনের মধ্যে নির্বাচন সম্ভব কিনা-এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার বলতে পারবেন এ ব্যাপারে।”

সেনা প্রত্যাহারের বিষয়ে সরকার পিছিয়ে এলো কি-না প্রশ্নের জবাবে সফিকুল বলেন,“এটি ‘ইউ টার্ন’ নয় বরং তাদের ‘স্ট্যান্ড বাই’ রাখা হয়েছে।”

রাজনৈতিক সংকট নিরসনে একের পর এক রাজনৈতিক দলের সাথে আলোচনার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।