নির্বাচন না হলে ১৪ দলই দায়ী থাকবে: মান্নান ভূঁইয়া
বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া বলেছেন, দেশে নির্বাচন না হলে ১৪ দলই দায়ী থাকবে। জনগণকে ভয় পায় বলে পরীক্ষা পেছানোর মতো নির্বাচনের তারিখও তারা পেছাতে চায়।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার বিকেলে বিএনপি আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বর্ক্তৃতাকালে তিনি ১৪ দলের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, জনগনের প্রতি আস্থা থাকলে আন্দোলন কেন ?
১৪ দলের প্রতি নির্বাচনে আসার আহবান জানিয়ে তিনি বলেন, বিচারপতি কে এম হাসান, এম এ আজিজ আর নেই। এবার নির্বাচনে অংশ নিয়ে জনগনের রায় নিন।
তিনি আরো বলেন, এখানে কারো কারচুপি করার কোনো সুযোগ নেই। কেননা জনগনই ভোট পাহারা দেবে। তাদের হঠকারী সিদ্ধান্তের কারণেই সেনা মোতায়েন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ একটির পর একটি দাবি তুলে নির্বাচনকে ভন্ডুল করতে চায়। অথচ তাদের সব দাবিই মানা হয়ে গেছে।
মান্নান ভূঁইয়া অবশ্য আওয়ামী লীগকে একটি নির্বাচনমূখী দল হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, তারা নির্বাচনেরই রাজনীতি করে। কিন্তু বাকি ১৩ দলের নেতাদের নির্বাচনে জেতার মতো কোনো নির্বাচনী এলাকা নেই বলে তারা নির্বাচন বানচলের জন্য আওয়ামী লীগের ওপর ভর করেছে।
তিনি আরো বলেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন করতে হবে। নইলে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে। বিপন্ন হতে পারে গনতন্ত্রও ।
তিনি সংকট সৃষ্টির মাধ্যমে অর্থনীতি ধ্বংস, বিদেশে দেশের ভাবমূর্তি বিনষ্ট, সব প্রতিষ্ঠানকে বির্তকিত করাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য ১৪ দলকে দায়ী করেন।
’৭১-এর মুক্তিযুদ্ধে শহীদ বৃদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দলের সহসভাপতি তরিকুল ইসলাম, শাহজাহান সিরাজ, এম কে আনোয়ার, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, যুব দলের সভাপতি বরকত উল্লাহ বুলু, কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, মহিলা দলের শিরিন সুলতানা, যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আবদুল লতিফ সম্রাট, মহানগনর বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালাম প্রমূখ বক্তব্য রাখেন।
