নির্বাচনের প্রস্তুতি নিয়ে দলীয় নেতাদের সঙ্গে হাসিনার বৈঠক
আন্দোলনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বুধবার দুপুরে সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠক করেছেন।
দলের কেন্দ্রীয় কমিটির তিন যুগ্ম সম্পাদক এবং ছয় সাংগঠনিক সম্পাদক ধানমন্ডির সুধাসদনে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওবায়েদুল কাদের বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “আমরা নির্বাচনে যাই বা না যাই তারপরও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। কয়েকটি বিভাগে সমস্যা রয়ে গেছে। অনেক আসনে একাধিক ব্যক্তি প্রার্থী হতে চান। বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে।”
আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, মুকুল বোস, সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী, আখতারুজ্জামান, আব্দুল মান্নান, মাহমুদুর রহমান মান্না, আব্দুর রহমান ও বীর বাহদুরসহ নয় নেতা বৈঠকে উপস্থিত ছিলেন। ঢাকার বাইরে থাকায় সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর ছিলেন না।
