সারা দেশে ‘আশা’ অফিসে হামলার আশঙ্কায় সতর্কতা
তত্ত্বাবধায়ক সরকারের নব নিযুক্ত উপদেষ্টা শফিকুল হক চৌধুরীর এনজিও আশা’র অফিসগুলোতে হামলার আশঙ্কা করছে আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা কর্মকর্তারা। এজন্য পূর্ব প্রস্তুতি হিসেবে বুধবার পুলিশ সদর দপ্তর থেকে আইন-শৃংখলা বাহিনীকে সতর্ক করে দেয়া হয়েছে।
কুমিল্লায় আশা’র একটি কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, সারা দেশে আশা’র সব অফিসকে বিশেষ নিরাপত্তা দিতে শীর্ষ পর্যায় থেকে তাদের নির্দেশ দেয়া হয়েছে।
চাঁদপুর জেলা এসপি ওবায়েদ উল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, উচ্চ পর্যায় থেকে তাকে বলা হয়েছে, আশা অফিসগুলোর দিকে তারা যেন খেয়াল রাখেন, যাতে কেউ হামলা করতে না পারে। তবে এ বিষয়ে লিখিত কোনো নির্দেশ তারা পাননি।
তিনি বলেন, “আশা অফিসে পুলিশ মোতায়েন করা হয়নি, তবে নজর রাখা হচ্ছে।”
রাজশাহী জেলা এসপি মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানিয়েছেন, মহা পুলিশ পরিদর্শক (আইজি) কার্যালয় থেকে তাকে একই কথা বলা হয়েছে।
তিনি জানান, নির্দেশ অনুযায়ী তিনি জেলার সব ওসি ও অন্যান্য কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
