২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন দেড় মাস পেছাতে বলেছে আওয়ামী লীগ

২৩ জানুয়ারি নির্ধারিত সংসদ নির্বাচনের তারিখ দেড় মাস পেছানোর দাবি জানিয়েছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2006, 08:42 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

বুধবার নির্বাচন কমিশন সচিবের সঙ্গে দেখা করে দলটির প্রতিনিধিরা একই সঙ্গে ‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে’ পুরো ডিসেম্বর জুড়েই ভোটার তালিকা সংশোধন কাজ চালানোরও দাবি জানিয়েছেন।

ঘোষিত দ্বিতীয় তফসিল অনুযায়ী ২৩ জানুয়ারি সংসদ নির্বাচন হওয়ার কথা। তবে ওই দিন সরস্বতী পূজা থাকায় কমিশন শিগগিরই ভোট গ্রহণের তারিখ আরও দু একদিন এগিয়ে আনবে। ২৫ জানুয়ারির মধ্যে ভোট শেষ করার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে।

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাহফুজুর রহমান বুধবার বিকেলে অফিস ছাড়ার আগে সাংবাদিকদের বলেন, “দু একদিনের মধ্যে নির্বাচনের তারিখ চুড়ান্ত করবো।”

কমিশন সচিব আব্দুর রশীদ সরকার বলেন, “দুই রাজনৈতিক দলের সবুজ সংকেত পেলেই আমরা নির্বাচনের তারিখ এগিয়ে আনবো। তবে তারিখ পেছানোর সুযোগ নেই।”

সাবেক সচিব এম. মোকাম্মেল হকের নেতৃত্বে আওয়ামী লীগের চার সদস্যের প্রতিনিধি দলটি কমিশন সচিবের সঙ্গে প্রায় এক ঘন্টা কথা বলেন। অন্যান্য সদস্যরা হচ্ছেন, এমএ মান্নান, মোবাইদুল ইসলাম ও শাজাহান সিদ্দিকী, বীর বিক্রম।

সচিবের সঙ্গে তাদের এটি তৃতীয় সাক্ষাত।

বিকেল ৫টায় মোকাম্মেল হক সাংবাদিকদের বলেন, “সংবিধান তো কোরআন নয়। ‘ডকট্রিন অব নেসেসিটি’ অনুযায়ী নির্বাচন যে কোনো সময় করা যায়। যদি তত্ত্বাবধায়ক সরকার সুপ্রিম কোর্টের কাছে আবেদন করে, আদালত তা বিবেচনা করে সময় দিতে পারে। আবেদন করার এই এখতিয়ার নির্বাচন কমিশনের। বিষয়টি আমরা তাদের জানিয়েছি।

“নির্বাচন যদি বিলম্বিলত হয়, তাহলে সব দলের মধ্যে মতৈক্য হতে হবে। এটা করা সম্ভব; যদি সদিচ্ছা থাকে।”

নির্বাচন আরও দেড়মাস পেছানোর দাবির পক্ষে যুক্তি তুলে ধরে প্রতিনিধি দল প্রধান বলেন, “২৩ জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের মতো পরিবেশ সৃষ্টি হয়নি। যাতে সঠিকভাবে নির্বাচন না হয়, সে জন্য ইচ্ছা করে অকারণে নির্বাচনের প্রক্রিয়া থেকে ৪৬ দিন ছেঁটে ফেলা হয়েছে।”

উল্লেখ্য, বুধবার তত্ত্ববধায়ক সরকার ৪৬ দিন পার হলো।

মোকাম্মেল হক তত্ত্বাবধায়ক সরকার প্রধানকে ইঙ্গিত করে বলেন, “একজন ব্যক্তির কারণে চারজন উপদেষ্টা পদত্যাগ করেছেন। আমরা নির্বাচন কমিশনের মাধ্যমে তার কাছে আবেদন করছি, তিনি যেনো ওই ৪৬ দিন আমাদের ফিরিয়ে দেন।”

সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নেই উল্লেখ করে তিনি বলেন, “এ কথা বাংলাদেশের বিভিন্ন কূটনীতিক ও বিদেশি দাতা গেষ্ঠির পক্ষ থেকেও বলা হচ্ছে।”

তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদ করার যে কাজ পুরো ডিসেম্বর মাস জুড়েই চালানোর জন্য তারা কমিশন সচিবকে বলেছেন।

আব্দুর রশীদ সরকার তাদের দাবি-দাওয়ার কথা নির্বাচন কমিশনকে জানাবেন ।