২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চার উপদেষ্টার পদত্যাগে সাংবিধানিক সঙ্কট হয়েছে’

তত্ত্বাবধায়ক সরকারের চার উপদেষ্টা পদত্যাগ করায় দেশে সাংবিধানিক সঙ্কট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন দেশের শীর্ষ তিন আইনজীবী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2006, 04:19 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

সোমবার সকালে চার উপদেষ্টার পদত্যাগের ঘটনাকে নজিরবিহীন হিসেবে উল্লেখ করে এর কারণ হিসেবে প্রধান উপদেষ্টার একের পর এক একতরফা সিদ্ধান্ত নেওয়াকে দায়ী করেছেন তিন আইনজীবী ড. এম জহির, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার শফিক আহমেদ।

এ বিষয়ে ড. এম জহির বলেন, “চারজন চলে গেছেন, ছয়জন যাওয়ার পথে। ওই ছয় জন গেলে ষোলকলা পূর্ণ হবে।”

তিনি বলেন, তবে এতে সংবিধানের কিছু হবে না। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ আরও চারজন উপদেষ্টা নিয়োগ করতে পারেন। তবে কে আসে তা দেখার বিষয়।

উপদেষ্টাদের পদত্যাগের ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে তিনি বলেন, এর আগে এরকম ঘটনা আর ঘটেনি। এ থেকে বোঝা যায় কীভাবে তত্ত্বাবধায়ক সরকার কাজ করছে, ড. ইয়াজউদ্দিন কিভাবে দেশ চালাচ্ছেন। জাতি এখন জানতে চায় চার উপদেষ্টা পদত্যাগ করলেন কেন?

তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্রের প্রাণ বিড়ালের প্রাণের মতো। নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যাতে চার উপদেষ্টাকে চলে যেতে হয়েছে।

উপদেষ্টার পদত্যাগকে অভাবনীয় বিষয় হিসেবে উল্লেখ করে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, “যে ১০ জন উপদেষ্টা হয়েছেন তারা কেউই দলীয় লোক নন। সবাই সম্মানিত ব্যক্তি। নিজ নিজ পেশায় বিশেষ অবদানের জন্য তারা উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতি যেভাবে তাদেরকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নিচ্ছিলেন তাতে আত্মমর্যাদাশীল কোন ব্যক্তি সেখানে থাকতে পারেন না।”

তিনি আরও বলেন, “চার উপদেষ্টার পদত্যাগের পর নিশ্চয়ই সাংবিধানিক সঙ্কট সৃষ্টি হয়েছে। এ পদত্যাগের পর রাষ্ট্রপতির চিন্তা করা উচিত তিনি রাষ্ট্রপতি থাকবেন, না প্রধান উপদেষ্টা থাকবেন, নাকি কোনটাই থাকবেন না।”

ব্যারিস্টার রোকন আরও বলেন, অধ্যাপক ইয়াজউদ্দিন নির্দলীয়ভাবে সরকার পরিচালনা করছেন না। এর প্রতিবাদে তার প্রতি অনাস্থা হিসেবে চার উপদেষ্টা পদত্যাগ করেছেন। তাদের প্রতি জনগণের সমর্থন থাকবে।

এ প্রসঙ্গে ব্যারিস্টার শফিক আহমদ বলেন, চার উপদেষ্টার চলে যাওয়ার অর্থ দেশে সাংবিধানিক সঙ্কট সৃষ্টি হয়েছে। সংবিধানের বিধান অনুযায়ী প্রধান উপদেষ্টা ১০ উপদেষ্টা নিয়ে সরকার পরিচালনা করবেন। চার উপদেষ্টা না থাকায় তত্ত্বাবধায়ক সরকার পরিপূর্ণ থাকে না।

তিনি আরও বলেন, উপদেষ্টাদের কার্য পরিচালনার ওপর প্রধান উপদেষ্টা পদে পদে বাধা সৃষ্টি করায় তারা সুচারুরূপে দায়িত্ব পালন করতে পারেননি। সর্বশেষ গণতন্ত্রের সঙ্কট জনমনে ভয়-ভীতি ও আতঙ্ক সৃষ্টির জন্য উপদেষ্টাদের সঙ্গে আলোচনা না করেই সেনা মোতায়েন করায় তারা প্রতিবাদ করেছেন। তাদের প্রতিবাদ গ্রহণ না করায় চার উপদেষ্টাকে চলে যেতে হয়েছে।

রাষ্ট্রপতি যখন যেভাবে খুশি স্বৈরাচারী পদক্ষেপ নেওয়ায় সাংবিধানিক সঙ্কট সৃষ্টি হয়ে থাকলে সেজন্য তিনিই দায়ি থাকবেন বলে মন্তব্য করেন ব্যারিস্টার শফিক।