২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নির্বাচনের পরিবেশই এখন জটিল হয়ে গেছে’

তত্ত্বাবধায়ক সরকারের চার উপদেষ্টার পদত্যাগের ঘটনায় দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ জটিল হয়ে গেছে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2006, 05:33 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

সোমবার দুপুরের ধানমণ্ডির সুধাসদনে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠক শেষে তারা এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা রষ্ট্রপতির দলীয়করণ ও উপদেষ্টা পরিষদের অবজ্ঞার ‘প্রতিবাদে’ পদত্যাগ করেছেন।

তিনি বলেন, “উপদেষ্টারা বুঝতে পেরেছেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রধান অন্তরায় হলো রাষ্ট্রপতি নিজে।”

জলিল বলেন, “সংবিধান লংঘন করে রাষ্ট্রপতি যেদিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্বভার গ্রহণ করেছেন সেদিন থেকে সংকট শুরু হয়েছে। আমরা প্রথমদিন থেকে একথা বলে এসেছিলাম, চার উপদেষ্টা পদত্যাগের মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে।”

পদত্যাগী উপদেষ্টাদের সম্পর্কে জলিল বলেন, তারা নিরপেক্ষভাবে কাজ করার বিভিন্ন প্রচেষ্টা নিয়েছিল। কিন্তু রাষ্ট্রপতি থেকে তারা কোন সহযোগিতা পায়নি। তারা অসহায় হয়ে পড়েছিল। এজন্য আত্মসম্মানবোধ থেকেই তারা পদত্যাগ করেছেন।

তোফায়েল আহমেদ বলেছেন, চার উপদেষ্টার পদত্যাগই প্রমাণ করে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। দেশে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, “আমরা আগেই বলেছিলাম, রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন দলীয় লোক। তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে নির্বাচনকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছেন।”

তোফায়েল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেও রাষ্ট্রপতি মূলত হাওয়া ভবনের নির্দেশেই একটা উপদেষ্টামন্ডলীর প্রতিষ্ঠানকে অকার্যকর করেছে।

“এ ঘটনায় সারা দেশের মানুষ আজ স্তম্ভিত” উল্লেখ করে তিনি বলেন, আজকে যে সংকট সৃষ্টি হয়েছে, তা খালেদা জিয়ার নির্দেশে রাষ্ট্রপতি বাস্তবায়ন করেছে।

তত্ত্বাবধায়ক সরকারের ৪৪ দিন চলে গেছে উল্লেখ করে তোফায়েল আরও বলেন, একমাত্র হাওয়া ভবন নির্বাচনের প্রস্তুতি নিলেও আর কোন রাজনৈতিক দল নির্বাচনের কোন প্রস্তুতি নিচ্ছে না।

সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতির নিজেরই পদত্যাগ করা উচিত। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেও তিনি দলীয় লোক। রাজনৈতিক সংকট সমাধানে উপদেষ্টারা চেষ্টা করলেও তিনিই প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন।

তিনি বলেন, চার উপদেষ্টার পদত্যাগ রাষ্ট্রপতির প্রতি ‘নো কনফিডেন্স’ কেই প্রকাশ করেছেন।

চার উপদেষ্টার পদত্যাগের মধ্য দিয়ে দেশে নির্বাচনের পরিবেশ জটিল হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, “এ পরিস্থিতিতে আমরা নির্বাচনে যাবো কিভাবে?”

সেনা মোতায়েন প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, রাষ্ট্রপতি কি অবস্থার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁর ভাষণে সেটার বিশ্লেষণ তিনি দেননি। তিনি আরও বলেন, “সংবিধান অনুসারে রাষ্ট্রপতি নতুন উপদেষ্টা নিয়োগ দিতে পারেন না। সংবিধান অনুসারে তিনি আগেই ১০জন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, নতুন করে নিয়োগ দেবেন কীভাবে?”

নির্বাচনের পরিবেশ নিয়ে শেখ ফজলুল করিম সেলিম একই মন্তব্য করে বলেন, এই মুহূর্তে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ জটিল হয়ে উঠেছে। চার উপদেষ্টার পদত্যাগ দেশে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচনে

প্রতিবন্ধকতাকে প্রমাণ করে।

বৈঠকে আব্দুর রাজ্জাক, আমির হোসেন আমু ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।