তথ্য উপদেষ্টার সঙ্গে ৪ দলীয় জোটের বৈঠক
চারদলীয় জোটের পক্ষ থেকে সাবেক সচিব মোফাজ্জল করিমের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার দুপুর ১২টায় তথ্য উপদেষ্টা মাহবুবুল আলমের সঙ্গে সাক্ষাত করেছে।
তথ্য মন্ত্রণালয়ে উপদেষ্টার অফিস কক্ষে প্রায় দেড় ঘন্টাব্যাপী অনির্ধারিত এ বৈঠক শেষে মোফাজ্জল করিম বলেন, “এটা একটি সৌজন্য সাক্ষাত।”
তত্ত্বাবধায়ক সরকারের চার উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, “উপদেষ্টাদের পদত্যাগ সম্পর্কে আমরা কিছু জানি না। তবে উপদেষ্টারা যদি পদত্যাগ করেন তবে পরিস্থিতি আরও জটিল ও রাজনৈতিক সঙ্কটের সৃষ্টি হবে।”
প্রতিনিধি দলে সাবেক মন্ত্রী পরিষদের সচিব আবদুল হালিম, সাবেক দুই সচিব শফিকুল ইসলাম ও মোহাম্মদ সুজাউদ্দীন উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখে তারা খুব দ্রুত তথ্য মন্ত্রণালয় ত্যাগ করেন।
একদিকে উপদেষ্টাদের পদত্যাগ ও অন্যদিকে চার দলীয় জোটের পক্ষ থেকে সাবেক সচিবদের তথ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাত পুরো সচিবালয়ে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
