উপদেষ্টাদের দেয়া বিকল্প প্রস্তাব গ্রহণযোগ্য নয়: জলিল
সংকট সমাধানে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা আওয়ামী লীগের কাছে যে বিকল্প প্রস্তাব দিয়েছেন তা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক আবদুল জলিল।
শনিবার রাতে দলের ধানমন্ডি ৩ নম্বরের কার্যালয়ে দলের নিয়মিত ব্রিফিং-এ তিনি বলেন, “উপদেষ্টারা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে এই প্রস্তাব দিয়েছেন। আমরা কাল পর্যন্ত পুরো বিষয়টি পর্যবেক্ষণ করবো, তারপর দেশবাসীকে আমাদের সিদ্ধান্ত জানাবো।”
১৪ দল আগামীকাল বঙ্গভবন ঘেরাও করবে বলে কয়েকটি সংবাদ মাধ্যমে যে খবর প্রচার করা হয়েছে তা সত্য নয় বলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানিয়েছেন।
জলিল বলেন, “আমাদের দেয়া ২৪ ঘন্টা সময় অতিক্রান্ত হয়েছে। ইতিমধ্যে তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে আরেকটি প্রস্তাব নিয়ে আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে উপদেষ্টারা দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।”
তিনি জানান, শেখ হাসিনা উপদেষ্টাদের নতুন নতুন সিদ্ধান্ত দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়েছেন এবং তাদের নিজ উদ্যোগে প্রস্তাবটি সরাসরি দেশবাসীকে জানিয়ে দিতে বলেছেন।
১৪ দল নতুন পরিস্থিতিতে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত দেশবাসীর কাছে তুলে ধরবে বলে ঘোষণা দিয়ে আব্দুল জলিল অভিযোগ করেন, ভোটার তালিকা হালনাগাদ হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী হচ্ছে না।
তিনি বলেন, “নতুন ভোটার ফরম দেয়া হচ্ছে না, তালিকা ঠিকমত না হলে নির্বাচন সুষ্ঠু হবে না।”
আব্দুল জলিল র্যাবকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তাদেরকে নির্বাচনী দায়িত্ব না দেয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি দাবি জানান।
তিনি এনএসআই, ডিজিএফআই ও আনসারের মহাপরিচালকদের বদলি এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।
আব্দুল জলিল উপদেষ্টাদের উদ্দেশ্য করে বলেন, “আমরা আপনাদের ২৪ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে বলেছিলাম। নতুন নতুন সিদ্ধান্ত দিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করে আপনারা জাতিকে নিজেদের সিদ্ধান্ত সরাসরি জানান।”
তিনি বলেন, “১৪ দল নতুন পরিস্থিতিতে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত দেশবাসীর কাছে তুলে ধরবে।”
