১৪ দল আর অবরোধ দেবে না: গ্যাস্টরাইটের আশাবাদ
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল পুনরায় অবরোধ কর্মসূচি দেবে না বলে মার্কিন উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী জন এ গ্যাস্টরাইট আশাবাদ ব্যক্ত করেছেন। সেইসঙ্গে তিনি সংকট নিরসনে আওয়ামী লীগের কাছে সহনশীল আচরণও প্রত্যাশা করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে তার সুধা সদনের বাসায় বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
আলোচনার সময় আওয়ামী লীগের পক্ষে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক ও শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত জিয়াউদ্দিন ও সালমান এফ রহমান। এসময় গ্যাস্টরাইটের সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস।
অবরোধ কর্মসূচি প্রত্যাহার করায় গ্যাস্টরাইট আওয়ামী লীগকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের কর্মসূচি রাজনৈতিক প্রক্রিয়ায় কোন কার্যকর পদক্ষেপ নয়। গ্যাস্টরাইট বলেন, “আশা করি আওয়ামী লীগ আবারও অবরোধ কর্মসূচি দেবে না।”
সংকট নিরসনে সহনশীলতার ওপর গুরুত্ব আরোপ করে গ্যাস্টরাইট বলেন, “খোলা মন নিয়ে এগুলে তা বর্তমান সংকট উত্তরণে তা সহায়ক ভূমিকা রাখবে। একটি সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য বার বার আমি ধৈর্য ধারণের কথা বলছি। এ বিষয়টিও শেখ হাসিনাকে বলেছি।”
গ্যাস্টরাইট বলেন, “আমি তাকে আবারও বলেছি যে, যুক্তরাষ্ট্র রাজনৈতিক সংঘাতকে সমর্থন করে না।”
পরে সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের জানান, একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, “আমাদের যেসব দাবি রয়েছে তা পূরণ না হলে উন্নয়ন সহযোগিদের প্রত্যাশিত নির্বাচন সম্ভব নয়।”
সাবের হোসেন বলেন, “আমরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছি। সহনশীলতা দেখিয়েছি। উপদেষ্টাদের অনুরোধে অবরোধ স্থগিত করেছি। সহনশীলতা কৌশলের ক্ষেত্রে থাকতে পারে, তবে নীতির ক্ষেত্রে নয়। মূলনীতি অনুসরণ না করলে নির্বাচনের লক্ষ্য পূরণ হবে না।”
আওয়ামী লীগ আবারও অবরোধের কর্মসূচি দেবে কিনা জানতে চাইলে সাবের হোসেন বলেন, সেটা কৌশলের বিষয়। পরিস্থিতিই বলে দেবে আমরা পরবর্তীতে কি পদক্ষেপ নেবো।”
