রূপগঞ্জের ইউএনওকে অপসারণের দাবি
রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ সরকারের অপসারণের দাবিতে মঙ্গলবার উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগ পৃথকভাবে বিক্ষোভ ও সমাবেশ করেছে।
ঢাকার উত্তরায় সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের অফিসে গোপন বৈঠকে যোগ দেওয়ার অভিযোগে এক সমাবেশ থেকে তাকে অবিলম্বে রূপগঞ্জ থেকে অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয় আওয়ামী ও যুবলীগের নেতাকর্মীরা।
রূপগঞ্জের মুড়াপাড়ায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা গাজী গোলাম দস্তগীর (বীরপ্রতীক), শাহজাহান ভূঁইয়া, মশিউর তারেক, হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, সংবাদপত্রে খবর বেরিয়েছে, উত্তরা ষড়যন্ত্রে রূপগঞ্জের ইউএনও ফিরোজ সরকার উপস্থিত ছিলেন। একজন প্রাসাদ ষড়যন্ত্রকারীকে নিয়ে রূপগঞ্জে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই তত্ত্বাবধায়ক সরকারের উচিত বিতর্কিত ব্যক্তিকে রূপগঞ্জের ইউএনওর দায়িত্ব থেকে অপসারণ করা।
একই দাবিতে কলোনি বাজার মাঠে উপজেলা যুবলীগের সমাবেশে বক্তৃতা করেন মজিবুর রহমান, মাহমুদুল হাসান খোকা ও গিয়াসউদ্দিন বাবুল।
তবে রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনন্ড) ফিরোজ সরকার বলেছেন, তিনি উত্তরায় কোনো বৈঠকে যোগ দেননি। যে সময়ে বৈঠক হয়েছে তখন তিনি রূপগঞ্জে তার সরকারি বাসায় অবস্থান করছিলেন।
