কয়েকটি স্থানে নির্বাচন কার্যালয় ঘেরাও, অগ্নিসংযোগ
নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে ১৪ দলের দেশব্যাপী নির্বাচন কার্যালয় ঘেরাও কর্মসূচি বিভিন্ন জেলায় মোটামুটি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। তবে কয়েকটি জেলায় নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
বরিশাল: জেলার ফায়ার সার্ভিস এবং পুলিশের সুপারের কার্যালয়ের লাগোয়া সদর উপজেলা নির্বাচন অফিসে মঙ্গলবার ভোরে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। এতে নির্বাচন সংশ্লিষ্ট মূল্যবান কাগজপত্র পুড়ে যায়।
পুলিশ প্রশাসনের দাবি, দুষ্কৃতিকারীরা অগ্নিসংযোগ করেছে। তবে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে তারা কোনও আলামত সংগ্রহ করতে পারেননি। সাব ফায়ার অফিসার রুস্তম আলী জানিয়েছেন, মৌখিক সংবাদের ভিত্তিতে সকাল ৭ টায় ঘটনাস্থলে গিয়ে প্রচণ্ড ধোয়া দেখতে পান এবং অফিসের দুটি তালা ভেঙ্গে ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনেন। উপজেলা নির্বাচন অফিসার মো. মনিরুজ্জামানের ধারণা, জানালার কাচ ভেঙে দৃষ্কৃতিকারীরা তরল পদার্থ ঢেলে আগুন লাগিয়ে থাকতে পারে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং জেলা নির্বাচন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রাজশাহী: ১৪ দলের উদ্যোগে জেলায় ও উপজেলায় নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়। সকাল সাড়ে ১০ টায় একটি বিক্ষোভ মিছিল নগরীর আলুপট্টি থেকে শুরু হয়ে কালেক্টরেট ভবনে অবস্থিত জেলা নির্বাচন কার্যালয় ঘেরাও করে। নেতাকর্মীরা সেখানে এক ঘণ্টা অবস্থান করেন। পরে কোর্ট শহীদ মিনারে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ রফিকউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএইচএম খায়রুজ্জামান লিটন এবং জাসদের মহানগর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী। জেলার গোদাগাড়ী, তানোর, দুর্গাপুর, পুঠিয়া, বাগমারা এবং মোহনপুরসহ বিভিন্ন উপজেলায়ও ১৪ দলের নির্বাচন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে।
চট্টগ্রাম: সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে ১৪ দলের নেতাকর্মীরা দুপুর ১২ টায় নগরীর জামাল খান সড়কে জেলা নির্বাচন কার্যালয় ঘেরাও করে। এর আগে নেতাকর্মীরা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সমবেত হন। সেখানে একটি সংক্ষিপ্ত সভা শেষে তারা মিছিল করে নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান নেন।
প্রায় দুই ঘণ্টা ঘেরাও কর্মসূচি চলাকালে মহিউদ্দিন তার বক্তব্যে অবিলম্বে নির্বাচনী তফসিল বাতিলের দাবি জানান। দাবি মানা না হলে রোববার থেকে চট্টগ্রামকে পুরো দেশ থেকে বিচ্ছিন্ন করে রাখা হবে বলে তিনি উল্লেখ করেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজের মতো রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ইয়াজউদ্দিনের সরে যাওয়া উচিত বলে মেয়র মন্তব্য করেন।
এ সময় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, অ্যাড. ইব্রাহীম হোসেন বাবুলসহ ১৪ দল নেতারা বক্তব্য রাখেন।
কর্মসূচি চলাকালে জামাল খান সড়কের আশেপাশের সকল এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দেয় পুলিশ।
সিলেট: বিশাল মিছিল নিয়ে ১ টা পর্যন্ত নির্বাচন কার্যালয় ঘেরাও করে রাখে ১৪ দলের নেতাকর্মীরা। এ সময় অনুষ্ঠিত এক সমাবেশে সিলেট সিটি করপোরেশন মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, ১৪ দলের সমন্বয়ক আ ন ম শফিকুল হক, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ এবং ন্যাপের সৈয়দ আবদুল হান্নান, গণতন্ত্রী পার্টির ব্যারিস্টার আরশ আলী, জাসদের কলমদর আলী, ওয়াকাস পার্টির সিকান্দর আলী, গণফোরামের আনসার খান এবং সাম্যবাদী দলের ধীরেন সিংহ বক্তব্য রাখেন।
বাগেরহাট: ১৪ দল মঙ্গলবার দুপুরে জেলা নির্বাচন কার্যালয় ঘেরাও করে। এ সময় নির্বাচন কমিশন সংস্কার এবং ভুয়া ভোটার সনাক্ত করে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশসহ বিভিন্ন দাবিতে একটি স্মারকলিপিও প্রদান করা হয়। ঘেরাওকালে নির্বাচন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, আওয়ামী লীগ নেতা নকীব নজিবুল হক নজু এবং মনোয়ার হোসেন টগর বক্তব্য রাখেন।
দিনাজপুর: জেলা নির্বাচন কার্যালয়ে সোমবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কার্যালয়ের একটি জানালাসহ বেশকিছু কাগজপত্র পুড়ে যায়। জেলা নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা মকলেছুর রহমান জানান, এতে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে মঙ্গলবার দুপুরে ১৪ দল দিনাজপুর জেলা নির্বাচন কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। কর্মসূচি চলাকালে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরে এক সমাবেশে অন্যান্যের মধ্যে সাবেক সাংসদ মনোরঞ্জন শীল গোপাল, আওয়ামী লীগ নেতা মির্জা আশরাফ হোসেন এবং জেলা ওয়ার্কার্স পার্টির আহ্বায়ক সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু বক্তব্য রাখেন।
ঝিনাইদহ: সদর উপজেলার নির্বাচন কার্যালয়ে সোমবার গভীর রাতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। আগুনে নির্বাচন অফিসের একটি জানালার পর্দা, চেয়ার ও ফাইল ক্যাবিনেট পুড়ে গেছে। তবে নির্বাচন সংক্রান্ত কোনও কাগজপত্রের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা জানিয়েছেন, রাত ২ টার দিকে কে বা কারা সেভেন আপের বোতলে করে কেরোসিন এনে জানালার ফাঁক দিয়ে ভেতরে ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে কেরোসিনের বোতল জব্দ করেছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
মুন্সীগঞ্জ: সিরাজদিখান উপজেলার নির্বাচন কার্যালয়ে মঙ্গলবার সকালে কে বা কারা পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে করে পুরনো আলমারিসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র পুড়ে যায়। আগুনের এই ঘটনায় ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এ ব্যাপারে মুন্সীগঞ্জের ফায়ার স্টেশনও কিছু জানে না। তবে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসার এ ব্যাপারে খোঁজ-খবর নিয়েছেন বলে জানান।
এদিকে দুপুরে শহরের পুরনো কাছারি থেকে জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সাংসদ মোহাম্মদ মহিউদ্দিনের মিছিল নিয়ে নির্বাচন কার্যালয়ের দিকে যাওয়ার সময় জেলা প্রশাসকের বাসভবনের সামনে পুলিশ বাধা দেয়। এতে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডা হয়। সেখানেই অবস্থান নিয়ে ১৪ দলের নেতাকর্মী সমাবেশ শুরু করেন।
জয়পুরহাট: জেলায় শান্তিপূর্ণভাবে ১৪ দলের উদ্যোগে নির্বাচন কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি উপলক্ষে ১৪ দল বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেছে। সমাবেশে ১৪ দলের জেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
ব্রাহ্মণবাড়িয়া: নির্বাচন কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১০ টায় ১৪ দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে প্রধান গেটে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তারা সেখানেই অবস্থান নেয়। পরে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেলালউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজর (অব) জহিরুল হক খান (বীরপ্রতিক), অ্যাডভোকেট তফসিরুল ইসলাম এবং রফিকুল ইসলাম।
নারায়ণগঞ্জ: মঙ্গলবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সোনারগাঁ উপজেলা নির্বাচন কার্যালয় ঘেরাও করে। পরে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের কায়সার হাসানাত, সাধারণ সম্পাাদক আব্দুল হাই, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান কালাম বক্তব্য রাখেন। তারা অনতিবিলম্বে নির্বাচন কমিশন থেকে বিতর্কিত ব্যক্তিদের অপসারণের দাবি জানান।
রাজবাড়ী: ১৪ দল সকালে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা নির্বাচন কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। তারা কার্যালয় চত্বরে দু’ ঘণ্টার মতো অবস্থান করে। নেতাকর্মীরা রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের পদত্যাগ দাবি করেন। পরে ১৪ দল আয়োজিত এক সমাবেশে কাজী কেরামত আলী, অ্যাড. চিত্তরঞ্জন গুহ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আজিজুল হকসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
