কর্মকর্তাদের গোপন বৈঠকের ব্যাপারে তদন্ত কমিটি
সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের উত্তরার ব্যবসা প্রতিষ্ঠানে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের গোপন বৈঠক নিয়ে তদন্ত করার জন্য সোমবার একটি কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই কমিটি গঠন করা হয়।
কৃষি মন্ত্রণালয়ের সচিব এম আব্দুল আজিজকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়। অপর দুই সদস্য হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম ভুইয়া এবং আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুল আউয়াল। কমিটি সাত দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ করবে।
উত্তরার ঘটনাসহ ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় পান্ডা গার্ডেনে সরকারি কর্মকর্তাদের জমায়েত, ১৯৯৬ সালে জনতার মঞ্চে যোগদানকারী কর্মকর্তা, রাজনৈতিক বিভিন্ন কর্মকান্ডে সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণ, রাজনৈতিক অফিসে যাতায়াতের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুন্নকারী ও আচরন বিধি লংঘনকারী কর্মকর্তাদের চিহ্নিত এবং তাদের অপরাধ শনাক্তও করবে এই কমিটি। সংস্থাপন মন্ত্রনালয়ের যুগ্মসচিব( শৃঙ্খলা ও আইন) সাইদুর রহমান কমিটিকে সাচিবিক সহায়তা দিবেন।
সোমবার রাতে সংস্থাপন মন্ত্রণালয় থেকে কমিটির কার্যপরিধি নির্ধারন করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে উলে¬খ করা হয়, ২৪ নভেম্বর উত্তরার আর্টিসানে অনুষ্ঠিত বৈঠকে যোগদানকারী কর্মকর্তাদের নামের তালিকা প্রণয়ন ও অপরাধ চিহ্নিত করতে হবে।
২০০১ সালে পান্ডা গার্ডেনে অনুষ্ঠিত সভায় অংশ গ্রহণকারীদের মধ্যে বর্তমানে কর্মরত কর্মকর্তাদের তালিকা তৈরি এবং তাদের অপরাধ চিহ্নিত করা, হাওয়া ভবন,সুধা সদন, ধানমন্ডির ৩২ নম্বর রোডের আওয়ামীলীগ কার্যালয়, নয়াপল্টনের বিএনপি অফিস, বঙ্গবন্ধু এভিনিউএর আওয়ামী লীগ কার্যালয়, তোপখানা রোডে জাতীয় পার্টির কার্যালয়, বড় মগবাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়, বাড়িধারায় এলডিপির অফিস ও অন্যান্য স্থানে বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় এবং দলীয় নেতাদের বাসায় যাতায়াত করেছেন এমন কর্মকর্তাদের তালিকা তৈরী করে তাদের অপরাধ চিহ্নিত করার ক্ষমতাও দেয়া হয়েছে তদন্ত কমিটিকে।
এই কমিটি ১৯৯৬ সালে জনতার মঞ্চে যোগদানকারী কর্মকর্তা ও রাজনৈতিক উদ্দেশ্যে অন্য যে কোন স্থানে মিলিত হওয়া বর্তমান কর্মকর্তাদের তালিকা তৈরি করে তাদের অপরাধ চিহ্নিত করবে। এছাড়া রাজনৈতিক দলের সঙ্গে কর্মরত অবস্থায় কোন সরকারি কর্মকর্তার সম্পর্ক ও যে কোন ভাবে রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করেন, এমন সব কর্মকর্তার নামের তালিকা তৈরি করে তাদের অপরাধও চিহ্নিত করা হবে ।
