২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার ইউপিডিএফ এর প্রথম জাতীয় সম্মেলন

পার্বত্য শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)এর তিনদিন ব্যাপী প্রথম জাতীয় সম্মেলন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে রোববার থেকে শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2006, 05:56 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

ইউপিডিএফ এর একজন মুখপাত্র প্রতিকার চাকমা শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, রোববার সকাল ১০ টায় তাদের সম্মেলন উদ্বোধন হচ্ছে। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল (অব.) কাজী নূরুজ্জামান, জাতীয় মুক্তি কাউন্সিল প্রধান বদরুদ্দিন উমর প্রমুখ।

প্রতিকার চাকমা জানান, ইউপিডিএফ এর অনুষ্ঠেয় সম্মেলনের স্লোগান হচ্ছে, লেজুড়বৃত্তির পরিণাম আত্মবিনাশ; আত্মনির্ভরতার লড়াইই মুক্তির পথ।

তিনি জানান, ইউপিডিএফ এর সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে তাদের নেতাকর্মীরা থেকে ঢাকায় আসতে শুরু করেছেন।

পাহাড়ের সূত্রগুলো জানায়, শান্তিচুক্তির পক্ষে থাকা পাহাড়িদের আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিপক্ষ হিসেবে ইউপিডিএফ ১৯৯৮ সালের ২৬ ডিসেম্বর আত্মপ্রকাশ করে। এর আগে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত হয় ঐতিহাসিক শান্তিচুক্তি।

জনসংহতি সমিতির নেতৃত্ব দিচ্ছেন পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান, সাবেক গেরিলা নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। অন্যদিকে ইউপিডিএফ এর নেতৃত্বে আছেন সাবেক পাহাড়ি ছাত্র পরিষদ সভাপতি প্রসিত বিকাশ খীসা।

শান্তিচুক্তি স্বাক্ষরের পর এই দুই গ্রুপের সংঘর্ষ, অপহরণ-পাল্টা অপহরণ ও গুমখুনের অসংখ্য ঘটনায় অন্ততঃ ৫০০ জনের জীবনহানি হয়।