নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলা করুন: ১৪ দলকে খালেদা
১৪ দলের প্রতি নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মান্নান ভূঁইয়া।
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুক্রবার বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাব আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া এ আহ্বান জানান।
তিনি বলেন, ২৯ অক্টোবর ক্ষমতা হস্তান্তরের পর তিনি আশা করেছিলেন যে খুব শিগগিরই নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সদিচ্ছা থাকার পরও ১৪ দলের নৈরাজ্যের কারণে তা করা সম্ভব হয়নি।
তিনি অভিযোগ করেন, “জাতীয় সংসদে আওয়ামী লীগের কোনোরকমে কয়েকটি আসন পাওয়ার সম্ভাবনা থাকলেও তাদের শরীক ১৩টি দলের একটি আসনেও জেতার আশা নেই। আর সেজন্যই তারা নির্বাচন চায় না।”
বিএনপি চেয়ারপারসন চার দলীয় জোটের প্রার্থীদের জন্য ভোট চেয়ে আগামী দুই মাস রোগীদের কাছ থেকে কোনধরনের ফি না নেওয়ার জন্যও চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
বিএনপি চেয়ারপারসন হুঁশিয়ার করে দিয়ে বলেন, দেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র চলছে। কিন্তু জনগণ সতর্ক থাকায় ষড়যন্ত্রকারীরা তাতে সফল হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা প্রমুখ।
এদিকে বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়াও শুক্রবার মুক্তাঙ্গনে ৪ দলীয় জোটের সমাবেশ থেকে ১৪ দলের প্রতি একই আহ্বান জানিয়েছেন। তিনি দলীয় নেতাকর্মীদের শুক্রবার থেকে নির্বাচনের প্রস্তুতি নেয়ারও নির্দশ দেন।
তিনি বলেন, “ক্ষমতায় যেতে চাইলে জনগণের কাছে যেতে হবে। ষড়যন্ত্র করে ভিন্ন পথে ক্ষমতায় যাওয়া যাবে না।”
মান্নান ভূঁইয়া আগামী নির্বাচনে চার দলকে ভোট দিয়ে আওয়ামী লীগের অবরোধ কর্মসূচির সমুচিত জবাব দেওয়ারও আহ্বান জানান।
মহানগর বিএনপি সভাপতি সাদেক হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মীর্জা আব্বাস, বরকতুল্লাহ বুলু এবং আব্দুস সালাম, জামায়াতে ইসলামীর এটিএম আজহারুল ইসলাম ও রফিকুল ইসলাম খান, ইসলামী ঐক্যজোটের আব্দুল লতিফ নেজামী ও শেখ লোকমান হোসেন, জাতীয় পার্টির মোয়াজ্জেম হোসেন।
