পাহাড়ের ৩ আসনে জনসংহতি সব দলের জন্য হুমকি
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাজনীতি এখন পুরোপুরি নির্বাচনমূখী। এবারের নির্বাচনে প্রার্থীও দিচ্ছে তারা প্রথমবারের মতো। ফলে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান-এই তিন আসনে সব রাজনৈতিক দলের জন্য তারা হুমকি হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে ।
পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা শুক্রবার সকালে রাঙামাটিতে দলের কর্মী সম্মেলন উদ্বোধনকালে নেতা-কর্মীদের কাছে আগামী সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। নির্বাচনে যথাযথ ভূমিকা পালনেরও নির্দেশ দেন তিনি।
রাঙামাটি থেকে জনসংহতি সমিতির মুখপাত্র মঙ্গল কুমার চাকমা টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, জেলার বালুখালিতে টুকটুক ইকো ভিলেজ মিলনায়তনে আয়োজিত দলের কর্মী সম্মেলন, ২০০৬-এর উদ্বোধনী বক্তব্যে সন্তু লারমা নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, “সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে আপনারা যথাযথ ভূমিকা রাখুন।”
সন্তু লারমা জুম্ম (পাহাড়ি) জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায়ের আন্দোলন জোরদার করার জন্যও নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “আপনারা শান্তিচুক্তিবিরোধী সন্ত্রাসীদের নির্মূল করুন।”
তিন দিনের এই কর্মী সম্মেলন চলার ফাঁকে আয়োজিত আলোচনা সভাতেও নির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। আলোচনা সভার বিষয়বস্তু হচ্ছে: বাংলাদেশ, পার্বত্য পরিস্থিতি ও সংসদ নির্বাচন।
সম্মেলনে জনসংহতি সমিতি এবং এর সহযোগী সংগঠন মহিলা সমিতি, যুব সমিতি, পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গিরিফুল শিল্পী গোষ্ঠির প্রায় ৬০০ নেতাকর্মী অংশ নিচ্ছেন।
এর আগে সন্তু লারমা ঢাকা সফরকালে ১৬ ও ১৮ নভেম্বর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছিলেন।
১৮ নভেম্বরের সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি বলেন, “শেখ হাসিনার সঙ্গে দেশের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। তাঁকে জানিয়েছি যে এখনো পাহাড়ে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই। আর বর্তমান ভোটার তালিকায় পার্বত্য এলাকায় প্রচুর ভুয়া ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে।”
সংসদ নির্বাচনে জনসংহতি সমিতি প্রার্থী দেবে বলে যে ঘোষণা দিয়েছে, সে বিষয়ে শেখ হাসিনার সঙ্গে কোনো কথা হয়েছে কি-না, এ প্রশ্নের জবাবে সন্তু লারমা নেতিবাচক উত্তর দেন।
পার্বত্য অঞ্চলে মোট জনসংখ্যা আনুমানিক ১৫ লাখ। এর মধ্যে হালনাগাদ ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা ১১লাখ ৮ হাজার ৩২৯।
