১৪ রাষ্ট্রদূতের সঙ্গে জলিলের বৈঠক
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল বৃহস্পতিবার ১৪টি দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছেন।
বৈঠকে সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জলিল পরে সাংবাদিকদের জানান।
ঘণ্টাখানেকের এই বৈঠক শুরু হয় বিকেল ৫টা ২০মিনিটে তার গুলশানের বাড়িতে।
বৈঠকে যোগ দেওয়া রাষ্ট্রদূতরা হলেন চীনের চাই জি, ভারতের সর্বজিৎ চক্রবর্তী (ভারপ্রাপ্ত), জাপানের মাসাইয়কি ইনোয়ে, উত্তর কোরিয়ার ক্যাং চ্যাং রওল, দক্ষিণ কোরিয়ার সিওং-উং পার্ক, ব্রুনাইয়ের দাতো পাদুকা হাজি আব্দুল মোকতি বিন হাজি মোহাম্মদ দাউদ, ফিলিপাইনের নর্বে রতোর বাসিলিও, শ্রীলঙ্কার বাদিবেল কিষ্ণমূর্তি, থাইল্যান্ডের সুপথ চিত্রনুকরোহ, মালয়েশিয়ার আব্দুল মালিক বিন আব্দুল আজিজ ও ইন্দোনেশিয়ার ওয়ারমাস হাসান সুপুত্র। এছাড়া নেপাল, ভুটান ও ভিয়েতনামের রাষ্ট্রদূতরাও সেখানে উপস্থিত ছিলেন।
৬টা ১০ মিনিটে বৈঠক শেষ হওয়ার পর চা চক্রের আয়োজন করা হয়। পরে ২০০১ সালের নির্বাচনের পর থেকে ২০০৬ সালের ২৮ অক্টোবর পর্যন্ত আওয়ামী লীগের ওপর রাজনৈতিক সহিংসতার ঘটনা নিয়ে তৈরি ভিডিওচিত্র তাদের দেখানো হয়।
পরে জলিল সাংবাদিকদের বলেন, “আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক। কূটনীতিকদের জানানো হয়েছে যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হলে নির্বাচন করা কঠিন হয়ে যাবে।”
সিইসি আজিজের সরে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, “সেটা ঠিক আছে। তবে নির্বাচন কমিশনার স ম জাকারিয়া এখনও আছেন। ভোটার তালিকাও এখনও সংশোধন করা হয়নি।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাষ্ট্রদূতরাও চান আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন হোক।”
ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ফজলুল করীম সেলিম, কাজী জাফরুল্লাহ, ফারুক চৌধুরী, মাহমুদ আলী, ও সালমান এফ রহমান।
