২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধ স্থগিত

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের ডাকা দেশব্যাপী লাগাতার অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2006, 07:33 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

বৃহস্পতিবার বিকেলে ধানমণ্ডি কার্যালয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে অবরোধ কর্মসূচী প্রত্যাহারের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে হাসিনা বলেন, “আজ থেকে অবরোধ কর্মসূচী প্রত্যাহার করে নিলাম আমরা।” পাশাপাশি আন্দোলন অব্যাহত থাকবে উল্লেখ করে ২৭ নভেম্বর সোমবার বঙ্গভবনের সামনে সকাল ১০ টা থেকে ২টা পর্যন্ত এবং পরের দিন একই সময়ে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সুধাসদনে বেলা সাড়ে ১২টা থেকে ১৪ দলের জরুরি বৈঠক শেষে বিকাল ৫টায় শেখ হাসিনা এ ঘোষণা দেন। রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদ বিতর্কিত প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিজের তিন মাসের ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত জানানোর পর অবরোধ তুলে নেওয়ার এই সিদ্ধান্ত হয়।

হাসিনা বলেন, “আজিজের চলে যাওয়ার মধ্য দিয়ে আমরা বিএনপি-জামায়াত জোটের আরেকটি নির্বাচনী ইঞ্জিনিয়ারিং পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছি।” তিনি আজিজের ছুটিতে যাওয়াকে ‘জনগণের বিজয়’ বলে অভিহিত করেন।

হাসিনা নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি পুনর্ব্যক্ত করে বলেন, ‘গ্রহণযোগ্য’ ব্যক্তিকে মূল পদে বসাতে হবে। তিনি বলেন. নির্বাচন কমিশনে আরও দুজন নিয়োগের সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করছেন।

“উপদেষ্টাদের পরিষদে সিদ্ধান্তটি অনুমোদিত হতে হবে।”

ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে মাহফুজুর রহমানের দায়িত্ব গ্রহণের প্রশ্নে হাসিনা বলেন “তিনি হলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার। কাজেই তাকে গ্রহণ করা বা প্রত্যাখ্যানের প্রশ্নই উঠে না।”

শেখ হাসিনা জানান, এই মাহফুজুর রহমানের বাড়িতেই অপারেশন ক্লিন হার্টের সময় অবৈধ অস্ত্র পাওয়া গিয়েছিল।

“এমএ আজিজ যদি তাঁর পদে ফিরে আসতে চান তবে জনগণই তা মেনে নেবে না। এটা এতো সহজ না। দেখা যাক, তিনি কীভাবে ফিরে আসেন!”

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ প্রসঙ্গে হাসিনা বলেন, তিনি বিএনপি-জামায়াত জোট সরকারেরই এজেন্ডা বাস্তবায়ন করে চলেছেন।

“রাষ্ট্রপতি বারবারই সংবিধান লঙ্ঘন করে চলেছেন। তত্ত্বাবধায়ক সরকারকে জাতির সামনে ‘রাষ্ট্রপতি শাসিত সরকার’ বলে তিনি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ভাবমূর্তিই নষ্ট করে দিয়েছেন।”

হাসিনা একজন নির্দলীয় ব্যক্তিকে প্রধান উপদেষ্টা নিয়োগের জন্য রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানান। তিনি শুধুমাত্র একটি বিশেষ রাজনৈতিক দলের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ভোটার তালিকা হালনাগাদ করার আগে নির্বাচনী তফসিল ঘোষণা না করার অনুরোধ জানান।

“ভোটার তালিকা হালনাগাদ করাটা দুই সপ্তাহের ব্যাপার মাত্র।”

এদিকে অবরোধ তুলে নেওয়ায় টানা চারদিন ধরে বিরাজমান অচলাবস্থার অবসান হলো। সোমবার থেকে লাগাতার অবরোধে রাজধানী ঢাকা কার্যত বিচ্ছিন্ন ছিল সারাদেশের সঙ্গে।