২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদের প্রতিবাদ করে জলিলের বিবৃতি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল বলেছেন, প্রশাসনের আট শতাধিক কর্মকর্তার বিরুদ্ধে আওয়ামী লীগ ও ১৪ দল আপত্তি জানিয়েছে বলে সংবাদপত্রে যে খবর প্রকাশিত হয়েছে তা ঠিক নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2006, 05:55 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী লীগ বা ১৪ দলের পক্ষে থেকে এ ধরনের কোন তালিকা দেওয়া হয়নি। যদি কেউ এ ধরনের কোন তালিকা হস্তান্তর করে থাকেন তবে তার দায়-দায়িত্ব সম্পূর্ণভাবে সেই ব্যক্ত বা ব্যক্তিবর্গের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা মনে করি বিগত বিএনপি-জামায়াত সরকারের সময়ে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছিলো। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রশাসনকে দলীয়করণমুক্ত করার জন্য আমরা ইতিমধ্যেই তত্তাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানিয়েছি। পাশাপাশি, প্রজাতন্ত্রের কর্মকর্তাদের প্রতি নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছি।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব, বিগত সরকারের আমলে দলীয় বিবেচনায় সুবিধাপ্রাপ্ত কর্মকর্তাদের চিহ্নিত করা। পাশাপাশি, সৎ, দক্ষ ও মেধাবী কর্মকর্তাদের উপযুক্ত স্থানে পদায়ন করা। এ ব্যাপারে বিভিন্ন সময়ে উপদেষ্টারাও প্রশাসনকে দলীয়করণমুক্ত করার ব্যাপারে তাদের উদ্যোগের কথা জানিয়েছেন।

আওয়ামী লীগ তাদের সদিচ্ছা ও আন্তরিকতার বহিঃপ্রকাশ দেখতে চায়।