বৃহস্পতিবার নির্বাচন কমিশন ঘেরাও করবে ৪ দল
নির্বাচনী তফসিল ঘোষণার দাবিতে বৃহস্পতিবার চার দলীয় জোট নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও করবে।
সোমবার বিকালে নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর চারদলীয় জোট আয়োজিত এক সমাবেশে দলের নগর কমিটির সভাপতি সাদেক হোসেন খোকা ওই ঘেরাও কর্মসূচিসহ তিনদিনের কর্মসূচি ঘোষণা করেন।
অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, মঙ্গলবার থানা পর্যায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, বুধবার মুক্তাঙ্গনে সমাবেশ ও বৃহস্পতিবার নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও এবং নয়াপল্টনে সমাবেশ।
চার দলীয় জোটের নেতৃবৃন্দ রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে অবিলম্বে নির্বাচনী তফসিল ঘোষণার দাবী জানিয়ে বলেন, দেশের মানুষ নির্বাচন চায়। নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হবে এ দেশের জনগণ কোন দলের প্রতি আস্থা রাখে।
সমাবেশে নেতৃবৃন্দ আওয়ামী লীগসহ ১৪ দলকে আগামী নির্বাচনের চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানান।
সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে বিএনপি নেতা মীর্জা আব্বাস, আব্দুস সালাম, বরকতউল্লাহ বুলু, আমানউল্লাহ আমান, নাসিরউদ্দীন আহমেদ পিন্টু, জামায়াতের রফিকুল ইসলাম খানসহ চারদলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের করা হয়।
