পাহাড়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই: সন্তু লারমা
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, “পাহাড়ে এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই।”
শনিবার দুপুরে সুধা সদনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে পৌণে এক ঘন্টার বৈঠক শেষে সন্তু লারমা সাংবাদিকদের একথা জানান।
বৈঠক শেষে সন্তু লারমা সাংবাদিকদের বলেন, “শেখ হাসিনার সঙ্গে দেশের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। তাকে জানিয়েছি যে, এখন পর্যন্ত পাহাড়ে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই।”
নির্বাচন কমিশন প্রসঙ্গে প্রশ্নের জবাবে সন্তু লারমা বলেন, “আগেই বলেছি আমরা এম এ আজিজের পদত্যাগ চাই। আর বর্তমান ভোটার তালিকায় পার্বত্য এলাকায় প্রচুর ভুয়া ভোটার অন্তর্ভুক্ত হয়েছে।”
এবারের জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি প্রার্থী দেবে বলে ঘোষণা দিয়েছে। ১৪ দলের জোট নেত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে কোনো কথা হয়েছে কি-না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর এ প্রশ্নের জবাবে সন্তু লারমা নেতিবাচক উত্তর দেন। “এ বিষয়ে কোনো কথা হয়নি” সাবেক গেরিলা নেতার সংক্ষিপ্ত উত্তর।
