২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টার পদত্যাগ করা উচিত: শেখ হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব পালনে রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ব্যর্থ হয়েছেন, তাই প্রধান উপদেষ্টার পদ থেকে তার পদত্যাগ করা উচিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2006, 10:39 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

সোনারগাঁও হোটেলের সামনে সোমবার পুলিশের ট্রাকচাপায় নিহত আওয়ামী লীগ কর্মী ওয়াজিউল্লাহর স্ত্রী রাবেয়া খাতুন শেখ হাসিনার সঙ্গে শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির সুধা সদনে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।

এ সময়ে ওয়াজিউল্লাহর স্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার দুই ছেলে এবং নিহতের ভাই খোরশেদসহ সাবেক সংসদ সদস্য ডা. এইচবিএম ইকবাল।

শেখ হাসিনা বলেন, আমরা বারবার চেয়েছিলাম তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসাবে তিনি নিরপেক্ষতার প্রমাণ দেবেন। উনি সে প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন।

পুলিশের ট্রাকচাপার ঘটনা উল্লেখ করে হাসিনা বলেন, রাষ্ট্রপতি মানুষ খুন করাচ্ছেন। কোনো দলের হুমকি-ধামকিতে একটার পর একটা ঘটনা ঘটালে তার প্রধান উপদেষ্টা পদে থাকার অধিকার নেই।

তিনি প্রশ্ন রাখেন, কারো হুমকি-ধামকিতে নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে তত্ত্বাবধায়ক সরকারের দরকার কি।

ইয়াজউদ্দিন আহম্মেদের দূরভিসন্ধি রয়েছে উল্লেখ করে তিনি প্রশ্ন করেন প্রধান উপদেষ্টা দেশকে কি সংঘাতের দিকে নিয়ে যেতে চাচ্ছেন।

খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, আমরা সুষ্ঠু নির্বাচন করতে চাই, কারো পরিকল্পিত নির্বাচন নয়। উনি যদি মনে করেন ধমক দিয়ে তফসিল ঘোষণা করিয়ে নির্বাচন করবেন তবে সে স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে।

তিনি আরো বলেন, জনগণকে বাদ দিয়ে নির্বাচন করতে গেলে কি হয় তার জবাব তারা ৯৬ সালের নির্বাচনে পেয়েছে। এবার আরো ভয়াবহ অবস্থা হবে। এত সহজে মানুষ ভোট চুরি করতে দেবে না। আমরাও ভোট চুরির নির্বাচন করতে দেব না।

পুলিশের ট্রাকচাপা দেওয়ার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে হাসিনা বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার অধীনে স্বরাষ্ট্রমন্ত্রণালয় রয়েছে। তদন্ত কমিটি হয়েছে অথচ কাজ করছে না।

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, এক গ্রুপ বিভিন্ন জায়গায় অস্ত্র নিয়ে ঘুরবে তাদের উনি দেখবেন না, আর নিরস্ত্র মানুষের ওপর হামলা হবে এটা কেমন কথা। এসব ঘটনার দায়-দায়িত্ব তাকে নিতে হবে।

সংবিধানের ৫৮ অনুচ্ছেদের উল্লেখ করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক উপদেষ্টা পরিষদ দেশকে যৌথভাবে নেতৃত্ব দেবে। প্রধান উপদেষ্টা এককভাবে তফসিল বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন না।