’বিএনপিপন্থী মিডিয়া ১৪ দল প্রীতি দেখাচ্ছে’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার সন্ধ্যায় বিএনপিপন্থী ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
বনানীর হাওয়া ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ১৪ দলের কর্মসূচির ফলে উদ্ভূত অবস্থা নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, সাংবাদিক নেতাদের কেউ কেউ বিএনপিপন্থীদের মালিকানাধীন ইলেক্ট্রনিক মিডিয়ায় ১৪ দলের প্রতি প্রীতি দেখানোর অভিযোগ করেন। তারা এমনও বলেছেন, নিরপেক্ষতার নামে ওই মিডিয়াগুলো বিএনপির ক্ষতি করছে। ফলে দেশের মানুষ সত্য সংবাদ জানা থেকে বঞ্চিত হচ্ছে। অতিরঞ্জিত সংবাদে বিভ্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। তাদের চ্যানেল দেখলে মনে হয় না দেশে বিএনপি নামের একটি বড় দল আছে।
প্রায় দুই ঘন্টাব্যাপী এই বৈঠকে বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম, আব্দুস সালাম পিন্টু, মোসাদ্দেক আলী ফালু, জাতীয় প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক শওকত মাহমুদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এলাহী নেওয়াজ খান, সাধারণ সম্পাদক সর্র্দার ফরিদ আহমেদ উপস্থিত ছিলেন।
